
মনোজ ভার্মা ও সুপ্রতিম সরকার।
শেষ আপডেট: 28 August 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্ন অভিযানের আগে সাংবাদিক বৈঠক করে বড় অভিযোগ আনল রাজ্য পুলিশ। প্রথমত তাদের দাবি, এই অভিযানটিই বেআইনি। সেই সঙ্গে অভিযোগ করা হয়েছে, অভিযানের দু'দিন আগে বড় রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকে বসেছেন অভিযানের এক ছাত্রনেতা।
এদিন নবান্নে বসে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, 'যাঁরা কালকের অভিযানের ডাক দিয়েছেন, তাঁদের একজন ছাত্রনেতা রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি আমরা আদালতের সামনে আনব। আমরা সব তথ্য সংগ্রহ করছি। কী উদ্দেশে এই বৈঠক, তা আমরা জানার চেষ্টা করছি।'
যদিও এদিন এডিজি (দক্ষিণবঙ্গ) ওই রাজনৈতিক নেতা কে, তা সামনে নিয়ে আসেননি, কিন্তু একাংশের ধারণা, তিনি বিজেপির এক শীর্ষনেতা ছাড়া আর কেউ নন। এই অভিযোগের পাশাপাশি তিনি আরও বলেন, 'আমরা খবর পাচ্ছি, কালকের এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতী বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যাঁরা কালকের আন্দোলনে উস্কানি দিচ্ছেন, তাঁদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কেউ কোনও প্ররোচনায়, ফাঁদে পা দেবেন না। সবাইকে অনুরোধ করব, এই চক্রান্তে পা দেবেন না।'
সুপ্রতিম সরকার জানান, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নাম করে ডাক দেওয়া হয়েছে এই অভিযানের। কিন্তু 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে কোনও সংগঠনই নেই। তিনি বলেন, 'আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই নামে কোনও সংগঠন নেই। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো কর হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।'
সুপ্রতিম সরকারের কথায়, 'এটা বেআইনি অনুষ্ঠান। আমরা সাধারণ মানুষকে বলব আপনারা এই প্রোগ্রামকে অ্যাভয়েড করুন। হাওড়া পুলিশের পক্ষ থেকে সংগঠকদের চিঠি দিয়ে বলা হয়েছিল, আপনারা কতজন আসবেন, কত গাড়ি আসবে সব কিছু জানাতে। এটা জানানো আইনের মধ্যে পড়ে। কারণ, নবান্ন ১৬৩ বিএসএস বা ১৪৪ ধারার মধ্যে পড়ে। ফলে নবান্ন বা তার সন্নিহিত এলাকায় ৫ জনের বেশি জমায়েত করা বেআইনি।'