
শেষ আপডেট: 26 March 2024 09:57
দ্য ওয়াল ব্যুরো: সন্ধে নামলেই ঝোড়ো হাওয়া। মেঘ ডাকছে গুম গুম করে। ঝিরঝিরে বৃষ্টি নামছে মহানগরে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। কিন্তু তারপরেও গরম কমছে না। রাতের দিকে তাপমাত্রা আবারও বাড়ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টির পাশাপাশি গরমও বাড়বে জেলায় জেলায়। মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এখন কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আবহাওয়ার বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। বাংলাদেশের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে মধ্যপ্রদেশ থেকে অসম অবধি। ২৯ তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা উত্তর-পশ্চিম ভারতে। এর জেরেই দুর্যোগ চলবে। উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।কিন্তু তাই বলে গরম কমবে না। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বুধবার থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস, জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। হাসফাঁস গরমেই ভোট হবে। শুধু বাংলা নয় গোটা দেশে তাপমাত্রা বাড়বে মার্চের শেষ থেকে। রাজস্থান, গুজরাত এবং মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকায় লু বইতে পারে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে।