
শেষ আপডেট: 25 March 2024 07:45
দ্য ওয়াল ব্যুরো: উইকেন্ডের ছুটি কাটিয়ে সোমবার দোলের আনন্দে মাততে চলেছে বাংলা। তবে বৃষ্টির রক্তচক্ষু অব্যাহত। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, দোলের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সকাল থেকে আকাশের মুখ ভার। ঘূর্ণাবর্তের মেঘ ঘনিয়েছে অসমে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে কাল মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে।
হাওয়া অফিস জানিয়েছে, আর কয়েকঘণ্টায় তুমুল বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। দুপুরের পর বৃষ্টির তেজ বাড়বে। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতেও।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর অবধি। এই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়েও গেছে। এরই জেরে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বঙ্গে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই ছিল। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। আজ সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তাই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়েই। দোলের দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দিনভর। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন কমবে না। দিনে ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি চলবে শুক্রবার অবধি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে অন্য রাজ্যগুলিতেও। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। মুষলধারে বৃষ্টি ও তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে।