
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 March 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: ইদ এবং রামনবমী উৎসবে নিরাপত্তার ইস্যু নিয়ে আগে থেকে সতর্ক পুলিশ (Kolkata Police)। রাজ্যবাসীকেই বার্তা দেওয়া হয়েছে প্ররোচনায় পা না দেওয়ার জন্য। তবে আতঙ্ক কিছুতেই কমছে না। কারণ এরই মাঝে ফের অস্ত্র উদ্ধার হয়েছে খাস কলকাতায় (Kolkata)। বেআইনি আগ্নেয়াস্ত্র (Illegal Weapons) সঙ্গে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।
কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানা এলাকার জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকায় হানা দেয়। সেখান থেকে দুটি ৭ এমএম বন্দুক আর একাধিক কার্তুজ উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, হয় ইদের দিন নয়তো রামনবমীর দিনই কোনও হামলার ছক ছিল ধৃতদের। তাদের সঙ্গে আর কারা এই কাণ্ডে জড়িত, সে ব্যাপারে জানার চেষ্টা করছে পুলিশ।
ধৃত দুই যুবকের নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ এবং দ্বিতীয়জন আব্রাহিম শেখ বলে জানা গেছে। এই দু’জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে। রামনবমীর দিন বাংলায় অশান্তি ঘটনা এর আগেও ঘটেছে। বিষয় গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্তও। এবারও তেমন কোনও ছক ছিল কিনা ধৃতদের সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ। এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত দুই যুবক মালদহ থেকে কলকাতায় এসে অস্ত্র পাচার করত। সন্দেহ, এরা কোনও গ্যাংয়ের সঙ্গে জড়িত। এখন তাদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, দুটি উৎসবেই বাংলাকে অশান্ত করার ছক করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। আর সেই পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন। জানানো হয়েছে, দুই ধর্মীয় উৎসবে বাংলাকে অশান্ত করার ছক করেছে বেশ কিছু সংগঠন। তারা বিভিন্নরকম উস্কানিমূলক পোস্টার-প্ল্যাকার্ড লাগানোর পরিকল্পনা করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে।