
সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ
শেষ আপডেট: 16 April 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল হেরাল্ড মামলা (National Herald Case) নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতি তোলপাড়। কারণ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে যে চার্জশিট জমা দিয়েছে ইডি তাতে নাম রয়েছে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। শুধু তাই নয়, তাঁদের ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করেছে তদন্তকারী সংস্থা। এই ঘটনার আঁচ পড়ল বাংলায়। কলকাতায় মিছিল বের করল কংগ্রেস (Congress)।
বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযান (CGO Complex Abhijan) করে হাত শিবির। দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি চার্জশিটকে কেন্দ্রের প্রতিহিংসা পরায়ণ আচরণ বলেই দাবি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সিজিও অভিযান হয়।
কংগ্রেস কর্মী-সমর্থকরা এই মিছিলে নানারকম পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে হাঁটেন। তার কোনওটায় লেখা - রাহুল, সনিয়াসহ কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে মোদী সরকার। আবার কোনওটায় লেখা - 'মোদীজি, ডারো মত!' তাঁদের মূল বক্তব্য, কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতেই এমন কাজ করা হচ্ছে।
ন্যাশনাল হেরাল্ড মামলার চার্জশিটে রাহুল-সনিয়া ছাড়াও নাম রয়েছে কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান শ্যাম পিত্রোওদার। মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল। এই মামলায় প্রথমবার সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট পেশ করা হল। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত গান্ধী পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
চার্জশিট জমার আগে, গত শনিবার ইডি রাহুল এবং সনিয়ার ৬৬১ কোটি টাকার স্থাবর সম্পত্তি নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে একটি নোটিস পাঠায়। অভিযোগ, এই সম্পত্তিগুলো আর্থিক তছরুপের মাধ্যমে কংগ্রেসের প্রভাবাধীন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)-এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে গেছিল।
ইডির নজরে থাকা সম্পত্তিগুলির মধ্যে রয়েছে— দিল্লি ও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একাধিক বাড়ি, লখনউয়ের বিশ্বেশ্বরনাথ রোডের এজেএল বিল্ডিং, দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত ন্যাশনাল হেরাল্ড হাউস। এই সম্পত্তিগুলি খালি করে দেওয়ার নির্দেশও দিয়েছে তদন্তকারী সংস্থা।