
প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 October 2024 15:58
দ্য ওয়াল ব্যুরো: নাকতলায় যুবকের রহস্য মৃত্যু। আজ সকালেই জিমে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন ওই তরুণ। কিছুক্ষণ পর জিমের সামনে থেকে উদ্ধার হয় দেহ। মৃতের মায়ের দাবি হাত-পা ভাঙা ছিল। তাঁর অভিযোগ, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ছেলের।
বৃহস্পতিবার সকালে জিমে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণ। তারপরই নিখোঁজ হয়ে যান। পরে রাস্তার পাশের জিমের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
মৃতের মা জানাচ্ছেন, 'জিমের প্রবেশপথের কাছে গিয়ে দেখি পা-হাত বীভৎস ভাবে ভাঙা। পায়ের দিকটা ফেটে গেছে। রক্ত বেরোয়নি শুধু। পা ভেঙে একেবারে টুকরো হয়ে ঝুলছিল। বাঁ দিকের হাতটা ভাঙা।'
তিনি আরও জানান, 'হাসপাতাল থেকে দ্বিতীয়বার যখন পুলিশ আমায় ঘটনাস্থল দেখাতে বলে, তখন ওই বিল্ডিংয়ে কাজ করেন এক মহিলা জানান ছেলেকে ধপ করে পড়ে যেতে দেখেন তিনি। জানান, সম্ভবত অন্য কোথাও ধাক্কা খেয়ে এখানে এসে পড়ে যায়। কারণ ঘটনাস্থলে তেমন রক্ত ছিল না। মুখ থেকে তখন লালা পড়ছিল।'
আর সেই কারণেই মৃত তরুণের মা অভিযোগ করছেন 'হিট অ্যান্ড রানের'। তাঁর মতে, 'বাইরে কোথাও ধাক্কা খেয়ে বাঁচার আশায় বিল্ডিংয়ের কাছে গিয়েছিল ছেলে। ভেবেছিল হয় তো কেউ তাঁকে উদ্ধার করবে।'