প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা থাকলেও, খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। দু’জনেরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Kolkata Police)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 July 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট (Armhurst Street) থানা এলাকার পটলডাঙা স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার হল কাকা-ভাইপোর নিথর দেহ (Body Found)। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা থাকলেও, খুনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। দু’জনেরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Kolkata Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জন— বছর সত্তরের মৃণাল বসু এবং তাঁর ভাইপো, ৫১ বছর বয়সি নীলাঞ্জন বসু। স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে ওই বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। আত্মীয়-পরিজনেরাও ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হন। এরপরই খবর দেওয়া হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায়।
পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে, নিথর দেহ পড়ে রয়েছে দু’জনেরই। তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
তদন্তে উঠে এসেছে, নীলাঞ্জন কলকাতা পুরসভায় চাকরি করতেন এবং তাঁদের দু’জনেরই মাথার উপরে প্রায় পাঁচ লক্ষ টাকা ঋণ ছিল। পাওনাদারদের চাপেই কি এমন চরম সিদ্ধান্ত? নাকি এর পিছনে আছে অন্য কোনও রহস্য রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
দেনা এবং আর্থিক চাপের তত্ত্ব উঠে এলেও, তদন্তকারীরা নিশ্চিত নন, এটি নিছক আত্মহত্যা না কি ঠান্ডা মাথায় ছক কষে খুন। পরিবারের আর্থিক অবস্থা, গত কয়েকদিনের কার্যকলাপ, মোবাইল ফোনের তথ্য এবং প্রতিবেশী-আত্মীয়দের জিজ্ঞাসাবাদ— সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ।