আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অমিত সরকার, পেশায় ব্যবসায়ী। অভিযোগ, পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 14 September 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: তপসিয়ার (Tapsia) গোবরায় পুজোর চাঁদা নিয়ে জুলুমের ঘটনায় গ্রেফতার (Arrest) দুই মূল অভিযুক্ত। পুলিশের জালে দীপক দে ওরফে চিনা বাবু এবং রবীন গঞ্জালভেস। পরিবারের দেওয়া ভিডিওতে (Viral Video) মারধর করতে দেখা গিয়েছিল ধৃত দু'জনকে (Two Arrested)। দু'জনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে তপসিয়া থানার পুলিশ (Tapsia Police)।
দুর্গাপুজোর চাঁদাকে (Durga Puja Donation) কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল তপসিয়ার গোবরায় (Topsia TMC Conflict)। প্রকাশ্যে আসে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। শেষে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অমিত সরকার, পেশায় ব্যবসায়ী। অভিযোগ, পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত।
পুজোর চাঁদা দিতে দেরি হচ্ছে, এই কারণ তুলেই তাঁকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয়। এমনকি অমিত সরকারের পরিবারের সদস্যদের ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত ব্যবসায়ীর আরও দাবি, 'আগেও এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। সেইসময় তিনি দেবেন বলেছিলেন। কিন্তু পরে হঠাৎ করেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা।' অভিযোগ, 'তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে ৩ হাজার ও ১ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। পাশপাশি আরও ৬ হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয়।'
অমিতের পরিবারের দাবি, প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়। ঘর থেকে চেঁচামেচি শুনতে পেয়ে নীচে নেমে আসেন অন্য সদস্যরা। আচমকাই কথাবার্তার মাঝে অমিতকে মারতে শুরু করে দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়েছেন অমিতের স্ত্রী ও বাবা।
এই ঘটনায় তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে গ্রেফতার দুই মূল অভিযুক্ত। অমিতের কথায়, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। যে ক্লাবের চাঁদার জন্য এই ঘটনা ঘটল, আগে সেখানকার সেক্রেটারি ছিলেন তিনি। কিন্তু পরে ক্লাব থেকে সরে আসেন। সূত্রে জানা গেছে, খবর পেয়েই ফোনের মাধ্যমে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।