
পরিত্যক্ত কারখানা
শেষ আপডেট: 18 November 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় ফের বাড়ি বিপর্যয়। তবে এবার পুরনো বাড়ি নয়, পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটল। তাতে দুজনের মৃত্যু হয়েছে। এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়ে রবিবার। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থা পড়ে এই কারখানা। তবে রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষীরা ছিলেন। রবিবার সন্ধের পর কারখানার ভিতরে হুড়মুড় করে কিছু ভেঙে পড়ার শব্দ পান তাঁরা। সেই আওয়াজ শুনেই দুজনে ভিতরে ঢোকেন। সেই সময় ভেঙে পড়া কংক্রিটের একটি অংশের আঘাতেই দুজনের মৃত্যু হয়। সূত্রের খবর, একজন চাপা পড়ে যাচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়েই অন্যজন চাপা পড়েন। এঁরা সম্পর্কে দুই ভাই বলে জানা গেছে।
এই ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল কারণ কারখানার ভিতরে ২-৩ জন আটকে রয়েছেন বলে মনে করছিলেন অনেকে। তবে আর কেউ আটকে নেই বলেই জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ইতিমধ্যে দুজনের মৃতদেহ বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত্যুর কারণ নিশ্চিত করতে। সোমবার থেকে পরিত্যক্ত বাড়ি ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কারখানাটি অনেক পুরনো। তবে কলকাতা পুরসভার রেকর্ড দেখে তিনি জানতে পেরেছেন যে, সম্প্রতি কোনও একটি এজেন্সি বা কোম্পানি এটি কিনেছে। নিরাপত্তারক্ষীরা এদিন সন্ধের পর কারখানার ভিতর থেকে কিছু আওয়াজ পেয়েই ভিতরে যান। তারপরই বাড়ির একাংশ ভেঙে পড়ে তাদের মৃত্যু ঘটে।
এখনও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুরসভার টিম কাজ করছে। ধ্বংসস্তূপ না সরালে আদৌ কেউ আটকে রয়েছেন কি না, তা বোঝা সম্ভব হচ্ছে না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।