বিদ্রুপের সুরে বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় না মানুষের কাজে আসে না সংগঠনের কাজে আসে। এত ভাল সভাপতিত্ত্ব করছিল যে পার্টিকে সভাপতির পদটাই তুলে দিতে হল!"

তাপস রায়।
শেষ আপডেট: 19 May 2025 22:52
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) সঙ্গে তাঁর বিবাদ সর্বজনবিদিত। দল বদলের পরও সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর ধারণা যে এতটুকু বদলায়নি তা আরও একবার স্পষ্ট করলেন উত্তর কলকাতার বর্ষীয়ান বিজেপি নেতা তাপস রায় (Tapas Ray)।
বস্তুত, সুদীপের উপর অসন্তোষের কারণেই দল ছেড়েছিলেন তাপস রায়। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুদীপকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন রায়বাবু।
বিদ্রুপের সুরে তাপস বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় না মানুষের কাজে আসে না সংগঠনের কাজে আসে। এত ভাল সভাপতিত্ত্ব করছিল যে পার্টিকে সভাপতির পদটাই তুলে দিতে হল!"
নিজের স্বার্থের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় যে দলবিরোধী কার্যকলাপও করতে দ্বিধা করেন না, সেই অভিযোগও করেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে লুকিয়ে লালকৃষ্ণ আডবানীকে হাতে পায়ে ধরে মন্ত্রী হতে চেয়েছিল। দল থেকে তাড়িয়ে দেওয়ার পর কাকুতি, মিনতি করে আবারও দলে ফেরে।"
তাপসের কথায়, "তৃণমূলটা আসলে মিক্সড ফ্রায়েড রাইস! দুর্নীতি, দুবৃত্ত আর পুলিশিরাজ, এই ত্র্যহ স্পর্শ থেকে মানুষ বাঁচতে চায়।"
তবে উত্তর কলকাতায় যেভাবে সভাপতি পদ তুলে দিয়ে বীরভূমের মতো কোর কমিটি তৈরি করা হয়েছে, তাতে রাজনৈতিক মহলে নতুন করে এই চর্চাও শুরু হয়েছে, যে তাপস রায় যদি তৃণমূলে থাকতেন তাহলে তিনি সম্ভবত জেলা সভাপতির পদটি পেতেন!
তাপসবাবু নিজেও কি তেমনটা মনে করেন? বিজেপি নেতার সাফ কথা, "আমার আরও আগে তৃণমূল ছাড়া উচিত ছিল। কারণ, মানুষ বঞ্চনা সহ্য করে, কিন্তু অপমান, অসম্মান সহ্য করবে কেন? আমি কে সেই গোত্রের মধ্যে পড়ি নাকি?"
সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে আর কী বললেন একদা তৃণমূলে থাকা দাপুটে এই বিজেপি নেতা? ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি কি পারবে তৃণমূলকে টক্কর দিতে? বিস্তারিত জানতে নীচের ভিডিও সাক্ষাৎকারটি দেখুন।