
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 27 November 2024 21:04
প্রীতি সাহা
একুশ সালে বিধানসভা ভোটের পর পরই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর ঘোষণা করেছিলেন, তপসিয়ায় দলের পুরনো পার্টি অফিস ভেঙে নতুন পার্টি অফিস তৈরি হবে। ছাব্বিশ সালের বিধানসভা ভোট আসার আগে তপসিয়ায় সেই নয়া পার্টি অফিস (TMC new party office) ইতিমধ্যেই বেশ মাথা তুলে দাঁড়িয়েছে। জি প্লাস ফাইভ তথা ৬ তলা পার্টি অফিসের সুপার স্ট্রাকচারের কাজ প্রায় শেষ। বাকি শুধু অন্দরসাজ আর বহিরঙ্গের সাজগোজের। বুধবার দ্য ওয়াল ঘুরে দেখল সেই ভবন।
কংগ্রেস ভেঙে ১৯৯৮ সালে তৈরি হয়েছিল তৃণমূল। সেই সময়ে দলের অর্থবল ছিল না। চার বছর পর তপসিয়ায় তৃণমূলের নতুন পার্টি অফিস তৈরি হয়। সে ভবনের অবশ্য তেমন শ্রী ছিল না। ব্যাপারটা অনেকটাই ছিল কাজ চালানোর মতো। খুব যে সুপরিকল্পিতভাবে তা তৈরি হয়েছিল তাও নয়। তাই তৃতীয়বার বাংলায় সরকার গঠনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন, দলের কেন্দ্রীয় ভবনকে নতুন করে তৈরি করা দরকার।
পরের বছর অর্থাৎ ২০২২ সালে শুরু হয় পুরনো ভবনকে ভেঙে ফেলার কাজ। দ্য ওয়াল সবার আগে সেই খবর করেছিল। পরে ২০২৩ সালের ১ জানুয়ারি, তথা তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সেই জমিতে ভিত পুজো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক বছর দশ মাসের মধ্যেই সে জমিতে গড়ে উঠেছে নতুন পার্টি অফিস।
পুরসভা সূত্রে খবর, প্রায় ৮৪৩ বর্গমিটার জমির উপর তৈরি হয়েছে নতুন এই ভবন। বিল্ডিং প্ল্যান অনুযায়ী, তৃণমূলের নতুন ভবনের উচ্চতা ২০.৩৫ মিটার। প্রতিটি ফ্লোরে ৩২৫.২০ বর্গমিটার কভার্ড স্পেস থাকবে। গাড়ি পার্ক করার জন্য ২১৯.৫২ বর্গমিটার জায়গা বরাদ্দ করা হয়েছে। যেখানে ৩০টির মতো গাড়ি রাখা যাবে। ছাদের উপর ৮.৭৭ বর্গ মিটার আয়তনের একটি জলাধার থাকবে।
পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি করার জন্য আপাতত ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনে অস্থায়ী ভাবে তৃণমূল পার্টি অফিসের কাজ চলছে।
অভিষেক ঘনিষ্ঠ এক নেতার কথায়, মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর তপসিয়ায় পুরনো পার্টি খাঁ খাঁ করত। মাঝে মধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সী পার্টি অফিসে গিয়ে বসতেন ঠিকই, তবে কর্মীরা বিশেষ যেতেন না। কিন্তু অভিষেক দলের সাধারণ সম্পাদক হওয়ার পর অস্থায়ী পার্টি অফিসে নেতাদের নিয়ম করে বসার দিন ঠিক করে দিয়েছেন। নতুন পার্টি অফিসে দলের মূল সংগঠন ও সমস্ত শাখা সংগঠন তথা ফ্রন্টাল অর্গানাইজেশনের অফিস থাকবে। নিয়ম করে নেতাদের পার্টি অফিসে বসাও বাধ্যতামূলক হয়ে যাবে। নতুন অফিস সেই সব মাথায় রেখেই সাজানো হচ্ছে।