জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখে, পেটে আঘাত লেগেছে বটে, তবে তিনি আপাতত সুস্থ।

শেষ আপডেট: 2 November 2025 22:33
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকাই ঘুষি মেরে দেন। পেটে পাঁজরের নিচে আঘাত করেন, সেই ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল বিধায়ক। পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে ফেরেন ‘বালু’ নামে পরিচিত জ্যোতিপ্রিয়। বাড়ির নিচতলায় তাঁর অফিসও রয়েছে। অভিযোগ, সেই দফতরে ঢোকার মুহূর্তেই আচমকা এক যুবক তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ে এবং পেটে পাঁজরের নিচেও আঘাত করেন। জোর ধাক্কায় বিধায়ক রাস্তায় পড়ে যান। চিৎকার শুনে দফতরের কর্মীরা ছুটে এসে তাঁকে তুলে দেন এবং অভিযুক্তকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবককে গ্রেফতার করে।
তৃণমূল সূত্রে দাবি, হামলাকারী এতটাই উগ্র আচরণ করছিল যে, কয়েক জন মিলে চেষ্টা করেও তাঁকে থামানো কঠিন হয়ে পড়ে। পরে কোনওক্রমে তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযোগ নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মীর সামনেই এই হামলা হয়।
জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখে, পেটে আঘাত লেগেছে বটে, তবে তিনি আপাতত সুস্থ। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়েনি। তবে গোটা ঘটনাটি তাঁকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে। বিধায়ক ডায়াবেটিক, ফলে আচমকা হামলায় তিনি কিছুটা ভয়ও পেয়েছেন বলে ঘনিষ্ঠদের দাবি।
গ্রেফতারের পর অভিযুক্ত সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক নিজে। সূত্রের খবর, ওই যুবককে তিনি কোনওদিন দেখেননি। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, দুপুর তিনটে থেকেই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। মাঝেমধ্যে সরে গেলেও পরে আবার ফিরে আসেন এবং জ্যোতিপ্রিয় পৌঁছনোর পরই হামলা চালান। হামলার কারণ এখনও অজানা। পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে রেশন কেলেঙ্কারির মামলায় ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল। প্রায় ১৪ মাস জেলবন্দি থাকার পর চলতি বছরের ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। সেই সময় পর্যন্ত তিনি মন্ত্রিত্বে ছিলেন, পরে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়।