
যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ ছাত্রদের
শেষ আপডেট: 1 March 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ঘটনায় কোমরে ও হাতে চোট লাগে তাঁর। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গুরুতর আহত হয়েছেন দুই ছাত্র। রক্তাক্ত অবস্থায় কেপিসি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।
গোটা ঘটনার প্রতিবাদে এইট-বি বাস স্ট্যান্ডের কাছে অবরোধে (Protest) বসে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা (University Students)। আর সেই নিয়েই রেগে খাপ্পা হয়ে পড়েন পথচলতি মানুষ। অভিযোগ করতে থাকেন, বিশ্ববিদ্যালয়ের অন্দরের ঝামেলার জন্য কেন আমজনতাকে হয়রানির শিকার হতে হবে! যদিও নিজেদের অবস্থান তুলতে নারাজ বিক্ষোভকারীরা।
এদিন বেলায় যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠকে যোগ দেন ব্রাত্য বসু। সেই বৈঠক শুরু হওয়ার আগে তৈরি হয় উত্তেজনা। ওই সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী ছাত্র সংগঠন।
পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে যাদবপুরে ব্রাত্য বসুর গাড়ি আটকে তার বনেটে 'চোর' লিখে দেওয়া হয়। তারপর গাড়ি ভাঙচুরও করা হয়। বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলেন ব্রাত্য। তবে তাতে বিশেষ লাভ হয়নি। বরং তাঁর সঙ্গে থাকা দু’টি পাইলট কারের কাচও ভেঙে দেন বিক্ষোভরত পড়ুয়ারা।
ব্রাত্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা থিতিয়ে পড়েনি। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।