
কড়েয়া থানায় অভিযোগ করেছিল কিশোরী।
শেষ আপডেট: 11 September 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করতে কড়েয়া থানায় এসে পৌঁছেছিল কিশোরী! তার অভিযোগের ভিত্তিতে পকসো আইনে দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ২০১৬ সালের সেই ঘটনায় অভিযুক্ত বাবার যাবজ্জীবম কারাদণ্ডের সাজা ঘোষণা হল এতদিনে।
আজ, বুধবার, ফেসবুক পেজে এই মামলার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। জানা গেছে, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা নাগাদ কড়েয়া থানায় দিশাহারা অবস্থায় হাজির হয় এক কিশোরী। সে জানায়, তার নিজের বাবা তার উপর যৌন নির্যাতন চালাচ্ছে। সে মেয়েকে ভয়ও দেখিয়েছে, একথা কেউ জানলে ফল হবে মারাত্মক।
এর পরেই দ্রুত মামলা রুজু হয় পকসো আইন ও জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন) আইনের আওতায়। তদন্তের দায়িত্ব নেন তৎকালীন সাব-ইনস্পেকটর শৃঙ্খলা শর্মা। তিনি বর্তমানে তালতলা মহিলা থানার ওসি। তাঁরই তৎপরতায় অবিলম্বে গ্রেফতার হয় অভিযুক্ত।
সেই মামলারই রায় বেরিয়েছে গত ৫ সেপ্টেম্বর। অভিযুক্তের আমরণ কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। সেইসঙ্গে নির্দেশ দিয়েছেন নিগৃহীতার ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণেরও।