
শেষ আপডেট: 23 November 2023 07:28
দ্য ওয়াল ব্যুরো: মনুষ্য জীবনে উল্কির চল বহুদিনের। আধুনিক জীবনে সেটাই ট্যাটু নাম নিয়ে ছড়িয়ে পড়েছে। এই শতকের শুরুর দিকে ডেভিড বেকহ্যামের মতো ফুটবলারকে দেখা যেত শরীরভর্তি ট্যাটু নিয়ে খেলতে নামতে। পরে লিওনেল মেসি কিংবা নেমারের মতো ফুটবলাররাও শরীরে ট্যাটু আঁকিয়েছেন। ধীরে ধীরে এই ট্যাটুর চল ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। শরীরের একাধিক জায়গায় ট্যাটু করা এখন ফ্যাশন! এবার সেই ফ্যাশনের জেরেই আধাসেনার চাকরি থেকে বাতিল হতে চলেছেন শহরের এক যুবক।
নিয়মেই আছে, শরীরে, বিশেষত ডানহাতের কোনও অংশে ট্যাটু থাকলে আধাসেনার চাকরি মিলবে না। কিন্তু শরীরে আঁকা ট্যাটু যদি মুছে ফেলা হয়, তাহলেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? সেক্ষেত্রেও চাকরি বাতিল হতে পারে যদি ট্যাটু মুছে ফেলার পর তার দাগ থেকে যায়। আর ঠিক এই নিয়মের গেরোতেই আটকে গিয়েছেন প্রসেনজিৎ দাস নামের এক যুবক। চাকরির আবেদনের পর ডাক পড়লেও এখন সেখান থেকে প্রায় বাতিল হওয়ার মুখে তিনি। আর এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রসেনজিৎ।
জানা গিয়েছে, বহু বছর আগে ডান হাতে একটি ট্যাটু করেছিলেন ওই যুবক। পরে আধাসেনায় (সিএপিএফ) চাকরির আবেদন জানান। সেখান থেকে ডাক আসতেই অপারেশন করে ট্যাটু মুছে ফেলেন প্রসেনজিৎ। কিন্তু তাতেও কোনও লাভের লাভ হয়নি। কারণ ট্যাটু না থাকলেও তার দাগটি রয়েই গিয়েছে প্রসেনজিতের স্যালুটিং আর্ম অর্থাৎ ডানহাতে। আর এই কারণেই সঙ্গে সঙ্গে তাঁকে অযোগ্য ঘোষণা করে চাকরির দাবি বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এরপরই হাইকোর্টে গিয়ে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন প্রসেনজিৎ।
গত সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। গোটা বিষয়টি তুলে ধরেন তাঁর আইনজীবী দেবাশিস কুণ্ডু। পাল্টা সওয়ালে আধাসেনার আইনজীবী অজিতকুমার মিশ্র জানান, ট্যাটু মুছে দেওয়া হলেও তার দাগ এখনও রয়ে গিয়েছে। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর ওই যুবককে একটা শেষ সুযোগ দিয়েছে আদালত। বিচারপতি বলেছেন, ট্যাটু মুছে ফেলার ওই দাগ চাকরির ক্ষেত্রে সত্যিই বাধা কিনা, তা খতিয়ে দেখে কমান্ড হাসপাতালকে রিপোর্ট দিতে হবে। ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।