সল্টলেকে অনুষ্ঠিত হল ‘সুলভ শিল্প উৎসব’, যেখানে শিল্পীদের সম্মান জানানো হয় এবং অংশ নেন বিশেষভাবে সক্ষম শিশুরা।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 12 November 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের ঐকতান সাংস্কৃতিক কেন্দ্রে সম্প্রতি হয়ে গেল শহরের অন্যতম জনপ্রিয়, 'সল্টলেক সুলভ শিল্পমেলা'। দ্বিতীয় বর্ষে পা দেওয়া এই প্রদর্শনী চলেছে ৭ থেকে ৯ নভেম্বর, দুপুর দেড়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। তিন দিনে শিল্প, রং আর সৃজনের মেলায় ভরে যায় ঐকতান চত্বর।
শিল্পমেলার উদ্বোধন করেন বিধাননগর পুলিশের উপ কমিশনার অনীশ সরকার (আইপিএস)। উপস্থিত ছিলেন সমাজসেবী রুচিকা গুপ্ত, প্রাক্তন আইএএস দেবাশিস সেন (প্রাক্তন চেয়ারম্যান, হিডকো) এবং আয়োজক মল্লিকা চন্দ, ডটার আর্ট হাউস-এর প্রতিষ্ঠাতা ও কিউরেটর।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য, সমাজকর্মী ভাবনা হেমানি, শিক্ষাবিদ আশিফ শাহ এবং কেক এক্সপ্রেসের প্রিয়াঙ্কা মিমানি।
এ বছর প্রায় একশো শিল্পী তাঁদের কাজ নিয়ে হাজির হয়েছিলেন। প্রদর্শিত হয়েছে দু’হাজারেরও বেশি শিল্পকর্ম, চিত্র, ভাস্কর্য, আলোকচিত্র ও মিশ্র মাধ্যমে তৈরি নানা কাজ। সঙ্গে ছিল লাইভ পোর্ট্রেট আঁকার অনুষ্ঠান, ক্যারিকেচার ও মৃৎশিল্প কর্মশালা।
উদ্বোধনী পর্বে নজর কাড়েন বিশেষভাবে সক্ষম নীলাভ নন্দী। তিনি নৃত্য় পরিবেশন করেন নজরুলগীতি ‘মহাপ্রাণ জাগে’। নাচ শেষে অতিথিরা প্রতীকীভাবে হাতের ছাপ রেখে শিল্পকর্মের প্রতি সমর্থন জানান। পরে নীলাভ, সমাজকর্মী বর্নালী বিশ্বাস, উদ্যোক্তা অমর আগরওয়াল ও প্রযোজক অরুণিমা মল্লিক কেক কেটে মেলার সূচনা করেন।
শিল্পমেলার উদ্যোক্তা মল্লিকা চন্দা বলেন,‘আমাদের লক্ষ্য শিল্পকে মানুষের জীবনের অংশ করে তোলা। গ্যালারির বাইরে এনে শিল্পকে পৌঁছে দিতে চাই সবার কাছে। এই মেলার মাধ্যমে আমরা সেসব শিল্পীদের সামনে আনতে চেয়েছি, যাঁরা প্রতিভাবান অথচ পরিচিত নন। শিল্প শুধু সংগ্রাহকের জন্য নয়, যারা সৃজনের আনন্দ খোঁজেন, তাঁদের জন্যও।’
এই মেলায় শিল্পকর্ম লোকজন কিনেছেন মাত্র ৫০০ টাকায়। ফলে সাধারণ মানুষও সহজে শিল্পকর্ম কেনার সুযোগ পেয়েছেন বলে মনে করছেন উদ্যোক্তা। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন সত্যব্রত কর্মকার, মোনালিসা সরকার, নূর আলি, ইন্দ্রজিৎ নারায়ণ, মিন্টু মালিক, দীপ নারায়ণ পাল, সুজিত কর্মকার ও অদিতি চক্রবর্তী।