কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি হামলার জবাবে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) করে ভারত। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সুখোই যুদ্ধবিমান। এবার কলকাতার ইসকনের রথে সেই যুদ্ধবিমানের চাকাই ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, সুখোইয়ের 'ফোর্থ জেনারেশন'-এর চাকায় রথ গড়াবে।

সুখোইয়ের চাকায় ভর করে কলকাতা ঘুরবে জগন্নাথের রথ।
শেষ আপডেট: 3 June 2025 17:05
দ্য ওয়াল ব্যুরো: রুশ যুদ্ধবিমান সুখোইয়ের (Sukhoi fighter jet tyres) চাকায় ভর করে চলবে ইসকনের রথ (Iskon)। আগামী ২৭ জুন সেই চাকায় চড়েই কলকাতা ঘুরবেন জগন্নাথ ঠাকুর (Lord Jagannath's chariot)।
কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি হামলার জবাবে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) করে ভারত। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সুখোই যুদ্ধবিমান। এবার কলকাতার ইসকনের রথে সেই যুদ্ধবিমানের চাকাই ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, সুখোইয়ের 'ফোর্থ জেনারেশন'-এর চাকায় রথ গড়াবে।
কলকাতার ইসকনের রথ দেখা ও দড়ি টানার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়। দক্ষিণ কলকাতা থেকে যাত্রা শুরু করে বিভিন্ন রাস্তা ঘুরে মাসির বাড়ি, অর্থাৎ ময়দানে এসে থামে জগন্নাথের 'নন্দীঘোষ' রথের চাকা।
বিভিন্ন ধরনের টায়ার পরীক্ষার পর সুখোই ৩০ যুদ্ধবিমানের চাকা লাগানো হয়েছে রথে। তারপর ২৪ কিলোমিটার ট্রায়াল রান ইতিমধ্যেই হয়েছে। প্রায় অর্ধশতাব্দীকাল ধরে জাম্বো জেট এয়ারক্রাফটের টায়ার ব্যবহার হচ্ছিল রথে। সময়ের সঙ্গে যেহেতু সেই চাকা বদলের প্রয়োজনীয়তা দেখা দেয় তাই নতুন চাকার জন্য খোঁজখবর শুরু করে ইসকন।
এরপরই সিদ্ধান্ত হয়, এতদিন যে চাকা রানওয়েতে ২৮০ কিমি গতিবেগে ছুটত। যুদ্ধবিমানের ফোর্থ জেনারেশনের এই চাকাই জগন্নাথের রথচক্র হয়ে কলকাতা ঘুরবে। এই চাকা প্রায় চার ফুট ব্যাসের (ডায়ামিটার)। ওজন ১১০ কেজি।
প্রায় ৪৬ বছর পর ২০২৪ সালে বলরামের রথের চাকাও বদল করা হয়। ২০২৩ সালে একটি চাকা বদল করা হয়েছিল। বলরামের রথের এক একটি চাকা ৬ ফুট ডায়ামিটারের এবং আড়াইশো কেজি ওজনের। প্রায় পাঁচ টনের রথ টেনে নিয়ে চলে চাকাগুলি। জগন্নাথদেবের রথের চাকা ছাড়াও বলরাম, সুভদ্রার চাকা খতিয়ে দেখা হচ্ছে বলে ইসকন জানিয়েছে।