শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 December 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা আন্তর্জাতিক মহলে সমালোচনা কুড়োচ্ছে (Messi in Kolkata)। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) দর্শকদের ভাঙচুরের ঘটনায় পুলিশের তদন্ত চলছে। একাধিক ধারায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্ত। শনিবার এই ঘটনায় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর পুলিশের ব্যর্থতাকে দায়ী করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
কলকাতায় বিশৃঙ্খলা হলেও হায়দরাবাদ মেসিকে নিয়ে নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করেছে। এনিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, "অনেক শহর কলকাতা থেকে এগিয়ে। জলের বোতলের দাম ১৫০-৩০০, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে ব্যবসা করার জন্য মেসিকে নিয়ে এসেছিল।"
কটাক্ষ করে আরও বলেন, "মেসির সঙ্গে ছবি তুলল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক। অথচ সাধারণ মানুষ যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন, তাঁরা দেখতে পেলেন না।"
তাঁর অভিযোগ পুলিশ ব্যবস্থা নেয়নি। "যতক্ষণ না মালকিন বলবে পুলিশ কোনও কাজ করবে না।" কটাক্ষ প্রাক্তন রাজ্য সভাপতির।
শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্তিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি।
এর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝপথ থেকে ফেরত যেতে হয়। এরপরই প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান তিনি এবং গোটা ঘটনার জন্য ‘মিসম্যানেজমেন্ট’-কে দায়ী করেন।