
এসএসকেএণ হাসপাতাল। ফাইল ছবি।
শেষ আপডেট: 18 August 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদে আন্দোলিত রাজ্য। তারই মাঝে এবার চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুরের ঘটনা ঘটল এসএসকেএম হাসপাতালে। অসমর্থিত সূত্রের খবর, মারধর করা হয়েছে কয়েকজন চিকিৎসককেও।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রবিবার সন্ধেয় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রের খবর, খিদিরপুরের এক যুবক গত কয়েকদিন ধরে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন। রবিবার ওই যুবকের মৃত্যু হয়। সে খবর জানার পর থেকেই মৃত যুবকের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সরব হন মৃতর পরিজনেরা।
হাসপাতালের এক কর্মীর কথায়, ফোনের মাধ্যমে সে খবর ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে ওই মৃত যুবকের বহু পরিচিত হাসপাতালে জড়ো হন। কোনও কথা না শুনে ট্রমা কেয়ার সেন্টারে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে ক্ষুব্ধ মানুষের হাতে কয়েকজন চিকিৎসকও জখম হয়েছেন বলে অসমর্থিত সূত্রের খবর।
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বা মৃত রোগীর পরিজনদের কারও প্রতিক্রিয়া জানা যায়নি। গোটা ঘটনায় আতঙ্কিত এসএসকেএমের চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। তাঁরা বলছেন, এভাবে হামলা হলে কাজ করব কী করে?