চাকরিহারাদের দাবি, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি দেখা করতে চান এবং সেই উদ্দেশ্যেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যদিও প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল, এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়।

হুঁশিয়ারি চাকরিহারাদের
শেষ আপডেট: 14 July 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশমন্ত্রীকে গুলিচালানোর অর্ডার দিতে বলুন, না হলে আলোচনায় বসুন', নবান্ন অভিযানে উত্তেজনার মাঝেই হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরিহারারা (SSC Job Deprived)। শেষপর্যন্ত বৈঠকে ডাক পেলেন ‘যোগ্য’ চাকরিহারা। যদিও মুখ্যসচিবই গোটা আলোচনার মধ্যে থাকছেন, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে হাওড়ার শিবপুর পুলিশ লাইনে।
চাকরিহারাদের দাবি, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি দেখা করতে চান এবং সেই উদ্দেশ্যেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যদিও প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল, এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়। তবুও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ আদায়ের আশায় পথে নামেন ‘যোগ্য’ চাকরিহারা।
অভিযান ঘিরে অশান্তির আশঙ্কায় আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে হাওড়া পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় ব্যারিকেড। জিটি রোড, রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজিপাড়া মোড়, সাঁতরাগাছি— প্রতিটি পয়েন্টে ছিল নজরদারি। মোতায়েন ছিল র্যাফ, দুটি জলকামান, ২৫টি করে হাই রেজোলিউশন ক্যামেরা ও কন্ট্রোল রুমে বসে সিসিটিভি-র মাধ্যমে নজরদারি চালান পুলিশ আধিকারিকরা। বিভিন্ন কমিশনারেট থেকে আনা হয় অতিরিক্ত ২,০০০ পুলিশ কর্মীও।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। নির্দেশ অনুযায়ী, নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে ‘অযোগ্য’ প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে, যা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাই কোর্টে। সিঙ্গল বেঞ্চ সেই যুক্তিকে মান্যতা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে। পরে ডিভিশন বেঞ্চেও সেই রায় বহাল থাকে।
এই পরিস্থিতিতে নিজেদের ‘যোগ্য’ প্রমাণিত দাবিতে ফের আন্দোলনে সরব হয়েছেন চাকরিহারা। তবে শেষ পর্যন্ত সরকারের তরফে আলোচনার বার্তা আসায় আপাতত শান্ত হল পরিস্থিতি। এখন দেখার, এই বৈঠকে আদৌ কোনও স্থায়ী সমাধানের পথে এগোয় কি না প্রশাসন।