এই টুর্নামেন্টে ছেলেরাও অংশগ্রহণ করেছেন। তবে এখানে ছেলে-মেয়ের মধ্যে কোনও প্রতিযোগিতা তৈরি করা হয়নি। বরং একসঙ্গে খেলাধুলার মাধ্যমে সহযোগিতা, বন্ধুত্ব আর সমান অংশগ্রহণের বার্তাই তুলে ধরা হয়েছে। এতে করে পুরো আয়োজনটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। মেয়েদের পাশে থেকে ছেলেদের এই অংশগ্রহণ আয়োজনটিকে দিয়েছে এক আলাদা সামাজিক বার্তা।

স্পিরিট অফ সাদার্ন বাইপাসের স্পোর্টস কার্নিভাল
শেষ আপডেট: 17 January 2026 19:37
দ্য ওয়াল ব্যুরো: সংসার আর অফিসের কাজের চাপে প্রতিদিনের জীবন একরকম ছুটে চলে। এই ব্যস্ততার ভিড়ে সবচেয়ে বেশি যাঁরা নিজের সময়টা হারিয়ে ফেলেন, তাঁরা হলেন বাড়ির মহিলারা। সংসারের দায়িত্ব সামলে নিজের শখ, আনন্দ কিংবা খেলাধুলোর জন্য আলাদা করে সময় বের করা তাঁদের পক্ষে সহজ হয়ে ওঠে না। ঠিক এই বাস্তবতাকেই সামনে রেখে মেয়েদের গুরুত্ব দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল স্পিরিট অফ সাদার্ন বাইপাস।
তাদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট মূলত উইমেন্স টুর্নামেন্ট হলেও, এখানে শুধু প্রতিযোগিতাই মুখ্য ছিল না। এই আয়োজনের কেন্দ্রে ছিলেন মহিলারাই। যাঁরা পেশাদার খেলোয়াড় নন, যাঁদের দিনের বড় একটা সময় কাটে সংসার আর পরিবারের যত্নে- এমন বহু মহিলা এই টুর্নামেন্টে অংশ নিয়ে মাঠে নেমে পড়েন। খেলাধুলোর মঞ্চে তাঁদের আত্মবিশ্বাস, হাসি আর উৎসাহই ছিল এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।
এই টুর্নামেন্টে ছেলেরাও অংশগ্রহণ করেছেন। তবে এখানে ছেলে-মেয়ের মধ্যে কোনও প্রতিযোগিতা তৈরি করা হয়নি। বরং একসঙ্গে খেলাধুলোর মাধ্যমে সহযোগিতা, বন্ধুত্ব আর সমান অংশগ্রহণের বার্তাই তুলে ধরা হয়েছে। এতে করে পুরো আয়োজনটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। মেয়েদের পাশে থেকে ছেলেদের এই অংশগ্রহণ আয়োজনটিকে দিয়েছে এক আলাদা সামাজিক বার্তা।
এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন উদ্যোক্তা অরুণাভ প্রামাণিক। তাঁর কথায়, কর্মব্যস্ত জীবনের চাপে মেয়েদের খেলাধুলা বা নিজের জন্য কিছু করার সুযোগ কমে যায়। তাই মেয়েদের সামনে এগিয়ে আসার সুযোগ করে দেওয়াই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলাধুলোর মাধ্যমে শুধু শরীরচর্চাই নয়, মানসিক স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
মাঠজুড়ে ছিল খেলার উত্তেজনা, দর্শকদের উচ্ছ্বাস আর অংশগ্রহণকারীদের আনন্দ। এখানে জয়-পরাজয়ের থেকেও বেশি গুরুত্ব পেয়েছে অংশগ্রহণ আর একসঙ্গে সময় কাটানো। মেয়েদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করে স্পিরিট অফ সাদার্ন বাইপাস প্রমাণ করে দিয়েছে, সুযোগ আর গুরুত্ব পেলে মেয়েরাও সমানভাবে এগিয়ে আসতে পারে।