স্টেশনে বিশেষ ফ্লেক্স
শেষ আপডেট: 29 November 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। হামেশাই এর কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। কখনও অফিস টাইম, কখনও ফিরতি সময়ে আত্মহত্যার ঘটনায় লাগাম টানা যাচ্ছে না।
তাই এবার আত্মহত্যার ঘটনা কমাতে অভিনব উদ্য়োগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। গিরীশ পার্ক, কালীঘাট-সহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনে লাগানো হল বিশেষ ফ্লেক্স। যেখানে মানুষের মধ্য়ে আত্মহত্যার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা দেওয়া থাকবে।
কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ পথে পর পর আত্মহত্যার ঘটনায় নাকানি-চোবানি খেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণে ক'দিন আগেই কালীঘাট স্টেশনের প্ল্যাটফর্মে গার্ডরেল বসানো হয়। কিন্তু যে কায়দায় সেই গার্ডরেল বসানো হয়েছে, তাতে আত্মহত্যার ঘটনা আদৌ ঠেকানো যাবে কিনা সে নিয়ে বিতর্ক অব্যহত।
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যখন করোনার সময়ে মেট্রো পরিষেবা বন্ধ ছিল, তখন যদি স্টেশনগুলিতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর লাগানোর কাজ করা যেত তাহলে খানিকটা বিপদ থেকে রেহাই পাওয়া যেত।
প্রসঙ্গত, কলকাতা পূর্ব-পশ্চিম মেট্রো রেলের প্রত্যেকটি স্টেশনে প্ল্যাটফর্মের দুই ধারে রয়েছে যা ট্রেনের কামরার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা।
ট্রেন প্ল্যাটফর্মে এসে থামার পরই সেই দরজা খোলে। ফলে কারও পক্ষেই সেই নিরাপত্তাবেষ্টনী টপকে লাইনে ঝাঁপ দেওয়া কার্যত অসম্ভব।