মামলা খারিজ করে দিল আলিপুর আদালত। পাশাপাশি রত্না চট্টোপাধ্যায়ের নির্দিষ্ট যে একটি আর্জি ছিল, সেটিও খারিজ করে দেওয়া হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 August 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিবাহবিচ্ছেদ মামলা (Divorce Case) খারিজ করে দিল আলিপুর আদালত। পাশাপাশি রত্না চট্টোপাধ্যায়ের নির্দিষ্ট যে একটি আর্জি ছিল, সেটিও খারিজ করে দেওয়া হয়েছে।
রত্নার বিরুদ্ধে তোলা কোনও অভিযোগই আদালতে প্রমাণ করতে পারেননি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই প্রেক্ষিতেই এই মামলা খারিজ করে দিয়েছে আদালত। ওদিকে রত্না আদালতের কাছে স্বামীর সঙ্গে থাকার যে আবেদন করেছিলেন তাও খারিজ হয়ে গেছে। অর্থাৎ ডিভোর্স না হলেও একসঙ্গে থাকতে পারবেন না তাঁরা।
২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে আবেদন জানান। এমনকী এও অভিযোগ করেন, রত্না নিজের সন্তানদের প্রতিও উদাসীন। কিন্তু দীর্ঘ শুনানি চলার পর আদালতে কোনও অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবীরা। ফলে আদালত শোভনের বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়।
উল্লেখযোগ্যভাবে, রত্নার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকেই শোভন আর নিজের বাড়িতে থাকেন না। দীর্ঘদিন ধরে তিনি গোলপার্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তাঁদের সঙ্গেই থাকেন বৈশাখীর মেয়েও।
আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত রত্না বলেন, “আট বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। শুধু নিজের জন্য নয়, বাচ্চাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য লড়েছি। আমার সঙ্গে পরিবার ও আইনজীবীরা পাশে ছিলেন। এই রায় মহিলাদের জন্য এক প্রতীকী জয়। পুরুষশাসিত সমাজে মহিলারা যেভাবে চাপে পড়ে যান, সেখানে আমি অন্তত লড়াই চালিয়ে যেতে পেরেছি।”
শোভন-রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও এই রায় শুনে খুশি হয়েছেন। তিনি আবার এও চান, বাবা তাঁদের কাছে ফিরে আসুন। তাঁর প্রতিক্রিয়া, ''এখনও কিছু খারাপ হয়নি, দেরি হয়নি। বাবা ফিরে এলে আমরা সব ঠিক করে নেব।''