
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 17 August 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগের রাতে মহিলাদের পথদখল নিয়ে সারা রাজ্যে সাড়া পড়ে গিয়েছিল। পাড়ায়-পাড়ায়, রাজপথে সবাই শান্তিপূর্ণ মিছিলও করেছিলেন। তারপর রাতে অতর্কিতে ঘটনা ঘটে আরজি কর হাসপাতালে।
এমনিতেই সারা রাজ্যে নানা আন্দোলন চলছে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়। সেই নিয়ে দেশের নানা প্রান্তে বিভিন্ন তারকারা মুখ খুলছেন। সবাই নিজের মতো করে বক্তব্য রাখছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও এমনভাবেই মুখ খুলতে গিয়ে বলেছিলেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। আরজি করের ঘটনায় সতর্ক থাকা উচিত ছিল। সারা বিশ্বেই এমন ঘটনা ঘটতে পারে, তারজন্য আমাদেরও সতর্ক থাকতে হবে।
এই বিবৃতির পরে সৌরভের সমালোচনাও শুরু হয়ে যায়। কিন্তু মহারাজ এদিন সকালে এক অনুষ্ঠানে জানান, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি যা বলতে চেয়েছিলাম, সেটি অন্যভাবে পেশ করা হয়েছে।
ভারতের প্রাক্তন অধিনায়কের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় অবশ্য পরিষ্কার বলেছেন, ‘‘১৪ অগস্ট রাতে আমাদেরও ওই ঘটনা নিয়ে মিছিলে যাওয়ার কথা ছিল। আমি যেতামও। কিন্তু সেদিন রাতেই সানার শরীর খুব খারাপ হয়ে যায়। বমি করতে শুরু করে। আমরা ওই দেখে আর যাইনি। না হলে আমাদেরও পূর্ণ সমর্থন রয়েছে।’’
আবারও কি এমন মহিলাদের মিছিল হলে আপনারা যাবেন? এই প্রশ্নে ডোনার পাশাপাশি সৌরভও বলেছেন, দেখা যাক। আর কিছু বলতে চাননি তাঁরা। তবে আরজি কর কাণ্ডে কয়েকদিনের তফাতে মহারাজের দু’বার বিবৃতি দেওয়ায় অনেকেই মনে করছেন, সৌরভও এই ঘটনায় চাপে পড়ে গিয়েছেন!