দু’জনেই পৃথক মানহানির মামলায় ৫০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করলেন।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 December 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: একই দিনে, দুই ভিন্ন প্রেক্ষাপট—কিন্তু অভিযোগ একটাই: মানহানি (Defamation Case)। বৃহস্পতিবার আইনি পথে হাঁটলেন দুই বাঙালি আইকন। বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কুমার শানু (Kumar Sanu) এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)—দু’জনেই পৃথক মানহানির মামলায় ৫০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করলেন।
কুমার শানুর মামলা: প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ (Kumar Sanu Defamation Case)
বলিউডের ‘কিং অব মেলোডি’ কুমার শানু তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মামলায় তিনি শুধু প্রকাশ্যে ক্ষমা দাবি করেননি, ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ৫০ কোটি টাকা। তাঁর অভিযোগ, রীতা বিভিন্ন পাপারাজ্জি প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে এমন সব মন্তব্য করেছেন, যা তাঁর সম্মান ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
শানুর আইনি টিমের দাবি, ওই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক। মামলায় আরও বলা হয়েছে, ২০০১ সালে বান্দ্রা ফ্যামিলি কোর্টে চূড়ান্ত হওয়া তাঁদের ডিভোর্স চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল—ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা যাবে না। সেই শর্ত ভেঙেই এই মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।
শানু জানিয়েছেন, ৪২ বছরের সংগীতজীবনে তিনি যে সুনাম অর্জন করেছেন, এই ধরনের মন্তব্য তার উপর গুরুতর প্রভাব ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, বিদ্রুপ এবং পেশাগত সুযোগ কমে যাওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মামলা: মেসি ইভেন্ট বিতর্ক (Sourav Ganguly defamation case- Messi in Kolkata)
অন্যদিকে, কলকাতায় লিওনেল মেসির সাম্প্রতিক অনুষ্ঠান ঘিরে বিতর্কের জেরে মানহানির মামলা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এক কর্মকর্তার প্রকাশ্য মন্তব্যে তাঁর নাম জড়ানোয় ক্ষুব্ধ হয়ে তিনি ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। সৌরভের অভিযোগ, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে ওই অনুষ্ঠানের ‘মধ্যস্থতাকারী’ হিসেবে দেখানো হয়েছে, যা তাঁর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি অনুষ্ঠানে শুধু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজনে তাঁর কোনও ভূমিকা ছিল না। মামলায় সৌরভের আইনজীবীরা ওই মন্তব্যকে “মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর” বলে উল্লেখ করেছেন এবং প্রকাশ্যে প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
সৌরভ ও কুমার শানু দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে সফল বাঙালি আইকন। দুই বাঙালি তারকার আইনি পদক্ষেপ নিয়ে এদিন আলোড় পড়ে গেছে। দুজনেই সাফ বোঝাতে চেয়েছেন, খ্যাতি ও জনপ্রিয়তার সঙ্গে জড়িয়ে থাকা সম্মান রক্ষায় তাঁরা কোনও আপস করতে রাজি নন। ব্যক্তিগত জীবন হোক বা প্রকাশ্য মঞ্চ, মানহানির অভিযোগে এবার আদালতেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কুমার শানু ও সৌরভ গঙ্গোপাধ্যায়।