
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 3 March 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: চোখ বন্ধ করে শুনলে মনে হবে কানের পাশ থেকে হালকা হাওয়া বয়ে যাচ্ছে। সুরেরা নিজেদের মতো খেলা করছে খুব সহজাতভাবেই। কথা বলছে নিজেদের সঙ্গে ফিসফিস করে। সে এক অসাধারণ গল্প। অসামান্য সৃষ্টিও বটে। ঋষভ রিখিরাম শর্মা, তাঁর বাজনা যেন এভাবেই ছুঁয়ে আছে আমাদের হৃদয়।
অসংখ্য ভক্ত তাঁর। মিউজিককে, সেতারকে শুধুমাত্র সংগীতের একটা অংশ হিসেবে না দেখে, মানসিক স্বাস্থ্য ভাল রাখার অন্যতম হাতিয়ার হিসেবেও দেখেছেন তিনি। সকলকে তা বুঝিয়েও ফেলেছেন নিজের কথায়, অভিজ্ঞতায় ও মিষ্টি হাসির মাধ্যমে। আজ শাস্ত্রীয় সংগীত জগতে তাঁর গুরুজি পণ্ডিত রবিশংকরের সঙ্গে তাঁর নামও উচ্চারিত হচ্ছে। এমন একজন মানুষ সংস্কৃতির শহর কলকাতায় আসবেন না, তা কী হয়? না, স্বরসম্রাট বা ডোভার লেন নয়, তিনি আসছেন জোম্যাটোর হাত ধরে।
পণ্ডিত রবিশংকর থেকে ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত শিবকুমার শর্মা থেকে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, কলকাতায় অনুষ্ঠান করেননি শাস্ত্রীয় সংগীতে এমন মায়েস্ত্র নেই বললেই চলে। উত্তরপাড়া সংগীত চক্র হোক বা ঐতিহ্যবাহী ডোভারলেন মিউডিক ফেস্টিভ্যাল-- সকলেই কখনও না কখনও কলকাতায় বাজিয়েছেন।
সেই লিস্টেই এবার নাম জুড়তে চলেছে পণ্ডিত রবিশংকরের কনিষ্ঠতম শিষ্য ঋষভ রিখিরামের। 'ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো'-র তরফে তাঁকে ভারতের অন্যান্য শহরের পাশাপাশি কলকাতাতেও আনা হচ্ছে। ১৮ মে, সন্ধে ৭টা কলকাতা সাক্ষী থাকবে এক অন্যরকম সংগীতানুষ্ঠানের।
কলকাতায় ভেন্যু ঠিক হওয়ার আগেই শুরু হয় টিকিট বিক্রি। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোর ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে। ন্যূনতম ১৪৯৯ টাকার সমস্ত টিকিট ইতিমধ্যেই সোল্ড আউট। বাকিও প্রায় বিক্রি হয়ে গিয়েছে।
শাস্ত্রীয় সংগীতের প্রতি এ শহরের ভালবাসা বরাবর। কিন্তু অনেকেই বলছেন, এমন দ্রুত টিকিট বিক্রি হতে সাম্প্রতিককালে খুব বেশি দেখা যায়নি। তাঁর অনুষ্ঠান নিয়ে কলকাতাবাসীর ক্রেজ বলছে, তিনি পারফর্ম করার আগেই মন জিতে নিয়েছেন সকলের।
একথা বলতে বাধা নেই, তিনি যেভাবে মানুষকে ভাল রাখতে চাইছেন তাঁর সংগীতের মাধ্যমে, তাঁর বাজনার মাধ্যমে, তাঁর সুরের মাধ্যমে, দেশবাসী তাতে বেশ ভালই মজেছেন। তাঁর হাতের মেহেন্দি থেকে তাঁর সংগীতের প্রতি শ্রদ্ধা, সবটাই মন ছুঁয়েছে অনুরাগীদের। কলকাতা এখন অপেক্ষায় তিন ঘণ্টার সুরের মূর্ছনার।