
ফাইল ছবি
শেষ আপডেট: 27 October 2024 22:19
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে ফের নামলেন সিনিয়র ডাক্তাররা। রবিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়।
তিলোত্তমার ট্রাস্ট নামে একটি সংগঠনের ব্যানারে সুবিচারের দাবিতে পথে নামেন বহু সিনিয়র ডাক্তার। মিছিলে পা মেলান বহু সাধারণ মানুষ। তবে শুধু আরজি করই নয়, জয়নগর ও ফারাক্কা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর যে নারকীয় অত্যাচার চলছে তার প্রতিবাদেই এদিনের মিছিলের আয়োজন করা হয় বলে খবর।
শুধু কলেজ স্কোয়ার নয়, এদিন যাদবপুরের ৮বি চত্বরেও নির্যাতিতার সুবিচারের দাবিতে আরও একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিনের মিছিল থেকে সিনিয়র ডাক্তাররা অভিযোগ তোলেন, ‘নারী জাতিকে বাঁচাতেই আমাদের পথে নামা। প্রশাসনের লাগাতার দুর্নীতি বন্ধ করতে এবং সুবিচারের দাবিতে যা যা করার আমরা করব।’
সিনিয়র ডাক্তাররা আরও জানান, তাঁরা সাধারণ মানুষের জন্য পরিষেবা স্বাভাবিক রেখেই এদিনের মিছিলে হাঁটছেন। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁদের আরও অভিযোগ, আমরা জানি রাজ্যে সবকিছুই মাননীয়ার অনুপ্রেরণায় হয়। কিন্তু উনি সবকিছু জানা সত্ত্বেও কোনও কড়া পদক্ষেপ নিচ্ছেন না।’
আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষবারের বৈঠকের পর তা তুলে নেন। যদিও ডাক্তারদের বক্তব্য ছিল, নির্যাতিতার বাবা-মার কথায় তাঁরা অনশন থেকে সরে এসেছেন। তবে আন্দোলন কোনও মতেই থামবে না।
এদিকে শনিবারই আরজি করেই গণকনভেনশনের ডাক দিয়েছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। সেই কর্মসূচির পর মশাল-মিছিলও করলেন তাঁরা। তারপর রবিবার দুপুরে সিনিয়র ডাক্তারদের মিছিল পরিষ্কার বুঝিয়ে দিল আন্দোলনের রাস্তা থেকে এক পা-ও সরছেন না তাঁরা। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রেখেই সুবিচারের দাবিতে লড়াই চলবে।