
এসএসকেএম হাসপাতাল
শেষ আপডেট: 8 October 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনকে সংহতি জানিয়ে গণইস্তফা দিয়েছেন আরজি কর হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। রাজ্যকে আরও খানিকটা বেগ দিতে এবার একই পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজে সিনিয়র চিকিৎসকরা। বেঁধে দিয়েছেন ২৪ ঘণ্টা সময়ও। এবার গণইস্তফার সিদ্ধান্ত নিতে চলেছে এসএসকেএম হাসপাতালের সিনিয়র ডাক্তাররাও। জানা যাচ্ছে, এই মুহূর্তে বৈঠকে বসেছেন ডাক্তাররা। কেউ চান আজই ইস্তফা দিতে, কেউ সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়ার কথা বলছেন।
সূত্রের খবর, অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে বৈঠক করছেন ৩০ জন সিনিয়র ডাক্তার। সেখানে যে বিষয়ে আলোচনা চলছে তাঁর অন্যতম বিষয় গণইস্তফা। জুনিয়র ডাক্তারদের তরফে যে আমরণ অনশন চলছে তাতে রাজ্য সরকার কোনও সক্রিয় ভূমিকা নিচ্ছে না। আমরণ অনশনে জুনিয়র ডাক্তারদের ক্ষতি হতে পারে। আর তাই সরকার যাতে দ্রুত হস্তক্ষেপ করে, অনশন ভাঙিয়ে দাবি নিয়ে আলোচনা করে সেই চাপ সৃষ্টি করতেই এহেন সিদ্ধান্ত নেবেন তাঁরা।
সিদ্ধান্ত নেওয়ার পর এসএসকেএম-এর সিইয়র ডাক্তাররা ডিরেক্টরের কাছে গিয়ে অ্যাকাডেমিক বিল্ডিং থেকে বেরিয়ে মিছিল করে অনশনরত ডাক্তারদের কাছে যাবেন বলে এখনও অবধি জানা যাচ্ছে।
প্রসঙ্গত, অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা সাফ জানিয়েছিলেন, আরজি করের নির্যাতিতার বিচারের পাশাপাশি কলেজে কলেজে ভর্তিতে দুর্নীতি, থ্রেট কালচার-সব ধরনের বেনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই আরজি কর হাসপাতালেও শুরু হয় গণইস্তফা। একই পথে হাঁটার ঘোষণা করেন কলকাতা মেডিক্যালের সিনিয়ররা। এবার নজর রয়েছে এসএসকেএম-এর দিকে।