
শেষ আপডেট: 17 February 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ মেন শাখায় যাত্রীদের ভিড় বাড়ছে। অফিসটাইমে লোকাল ট্রেনে ভিড় সামলে গন্তব্যে যেতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় যাত্রীদের। তাই এই ভিড় সামাল দিতে ট্রেনগুলির কোচ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট শাখার অধিকাংশ লোকাল ট্রেন ১২ কামরায় বদলে যেতে চলেছে। শুধু তাই নয়, ১২ কামরার ট্রেন চালানোর জন্য শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মকে বেছে নেওয়া হতে পারে বলে খবর। রবিবার থেকে প্ল্যাফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজও শুরু হবে।
শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব ট্রেন বারো বগির করার যে প্রকল্প তার কাজ আগামিকাল থেকেই শুরু হতে পারে বলে খবর। প্রথম ধাপে শিয়ালদহ স্টেশনের ১, ২, ৩, ৪ নম্বর প্ল্যাটফর্মগুলির উন্নয়ণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে। পাশাপাশি রোড সাইডের আরও কিছু স্টেশনের দৈর্ঘ্য বাড়ানোরও কাজও শুরু হবে।
শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় সব ট্রেনই ১২ বগির। উত্তর শাখায় ১৮৬টি আপ ট্রেনের মধ্যে ৮৮টি বারো বগির। ডাউনে ১৮৮টির মধ্যে ১২ কোচের গাড়ি মাত্র ৮৮টি। স্বভাবতই অধিকাংশ ট্রেনই ৯ কামরার হওয়ায় যাত্রীদের সমস্যা হয়। সব ট্রেন যাতে বারো কোচের হয়, সেজন্যই এই পদক্ষেপ বলে রেল জানিয়েছে।
রেল জানিয়েছে, যাত্রী পরিষেবার মানকে উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ। রোজই দেখা যায় শিয়ালদহ থেকে লোকাল ট্রেনের ভিড়ে ঝুলতে ঝুলতে যাত্রীরা যাচ্ছেন। তাতে দুর্ঘটনা ঘটার ঝুঁকি থেকেই যায়। আগে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এভাবে যাতায়াত করতে গিয়ে। তবে ১২ কামরার ট্রেন চালানোর জন্য পরিকাঠামোগত কিছু বাধা রয়েছে। তার জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা দরকার। এতদিন সে কাজ হয়নি। এবার রেলের উদ্যোগেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। প্ল্যাটফর্ম দৈর্ঘ্য বৃদ্ধির পাশাপাশি আনুষঙ্গিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণও করা হবে।