
শেষ আপডেট: 4 March 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: ঐকতান কালচারাল সেন্টারে শুরু হয়ে গেছে 'সল্টলেক অ্যাফোর্ডেবল আর্ট ফেয়ার'। মার্চের ২ ও ৩ তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার চলবে এই মেলা। সারা বাংলার সমস্ত শিল্পীদের সৃজনশীলতা তুলে ধরা হয়েছে এই মেলায়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজতন্ত্রী চীনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল কিন ইয়ং এবং ডটর আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা, এই মেলার আয়োজক মল্লিকা চন্দ।
প্রধান অতিথি কিন ওয়াং-এর উপস্থিতি সংস্কৃতির আদানপ্রদানের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। সীমান্তের রেখা মুছে এখানে চিত্রকলাই হয়ে উঠেছিল সর্বজনীন ভাষা। শিল্প বা শিল্পীকে কখনও কোনও সীমান্তে বেঁধে রাখা যায় না। মেলার প্রধান অতিথি কিন ইয়ং- এর উপস্থিতি সেটা আরও স্পষ্ট করে বুঝিয়ে দেয়।
শুধু রঙ তুলি দিয়ে আঁকা ছবি নয়, সঙ্গে ফোটোগ্রাফির প্রদর্শনীও যেন অন্য একটি আবহ তৈরি করেছিল এই মেলাতে। সঙ্গে ছিল কবিতা পাঠের আসর। পেন্টিং থেকে শুরু করে ভাস্কর্য, ফটোগ্রাফি, লাইভ পটারি সেশন, মৃৎশিল্প সবকিছুরই আয়োজন করা হয়েছে খুব যত্ন সহকারে। সবটাই শিল্পীদের কল্পনাকে আরও প্রসারিত এবং উৎসাহিত করার লক্ষ্যেই।
মেলার আয়োজক মল্লিকা চন্দ জানান, 'সল্টলেক অ্যাফোর্ডেবল আর্ট ফেয়ারের উদ্দেশ্য হল জাত-পাত, অর্থনৈতিক অবস্থার কথা না ভেবে শিল্পকে সবার কাছে ছড়িয়ে দেওয়া। শিল্পই পারে ভাবনাকে আরও প্রসারিত করতে, শিল্পই পারে একজন মানুষকে অনুপ্রাণিত করতে এবং ধর্ম নির্বিশেষে মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসতে। আমরা খুবই খুশি এতজন প্রতিভাবান শিল্পীকে তাঁদের কাজ জনসমক্ষে তুলে ধরার একটা জায়গা করে দিতে পেরে।'
যে সমস্ত শিল্পীরা এই মেলায় যোগদান করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, সত্যব্রত কর্মকার, নুর আলি, ইন্দ্রজিৎ নারায়ণ, বাপ্পা ভৌমিক, জয়দেব বালা, জনপ্রিয় ভাস্কর্য শিল্পী চন্দন ভান্ডারী এবং শিখা চট্টোপাধ্যায়।