
ফাইল চিত্র
শেষ আপডেট: 3 October 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী থেকে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার জামিন পেলেন তিনি। তাঁকে মহিলা পুলিশ দিয়ে টেনে গাড়িতে বসিয়ে সোজা নিয়ে যাওয়া হয় লালবাজারে। পথ দুর্ঘটনায় ছাত্রমৃত্যুতে দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি নেত্রী 14 ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন বাঁশদ্রোণী থানার বাইরে। সকালে গ্রেফতার করা হয় রূপাকে।
এদিন দুপুরে তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আদালতে তোলার সময় রূপা বলেন, ‘পুলিশ বলছে, আমি নাকি ওনাদের কাজে বাধা দিয়েছি। বিরক্ত করেছি। কিন্তু তেমন কিছুই আমি করিনি। এসব কেন বলা হচ্ছে, তাও জানি না। আমি শুধু থানার সামনে ধরনায় বসেছিলাম। তবে এই টুকু বলতে পারি আমাকে গ্রেপ্তার করে ভুল করল পুলিশ।’
বুধবার, মহালয়ার ভোরে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। এলাকার রাস্তা সারাইয়ের জন্য আনা মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) একটি গাছের সঙ্গে পিষে দেয় তাকে। এই ঘটনার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয় কাউন্সিলর কেন ঘটনাস্থলে আসেননি, তা নিয়ে বিক্ষোভ শুরু হয়। রাত পর্যন্ত সেই বিক্ষোভের আঁচ কমেনি।
আজ সকালে গ্রেফতার হলেন রূপা। বাঁশদ্রোণী থানা চত্বর থেকেই পুলিশের গাড়িতে তোলা হয় রূপাকে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশকর্মীরা। বিজেপি নেত্রী অভিযোগ করেন, বাঁশদ্রোণী থানায় তাঁর ব্যাগ রয়ে গিয়েছে, নিতে দেওয়া হয়নি। তাঁকে পুলিশ শৌচালয়ে যাওয়ার অনুমতিও দেয়নি বলে দাবি করেন তিনি।