
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 15 February 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতার অন্যতম প্রধান কেন্দ্রস্থল সেন্ট্রাল অ্যাভিনিউ। বৃহস্পতিবার রাতে সেখানেই ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা।
অভিযোগ, অস্ত্র দেখিয়ে নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুট করা হয়েছে একটি অভিজাত বাড়ি থেকে। ঘটনায় বাড়ির দুই পরিচারিকার ভূমিকা সন্দেহজনক বলে মনে করছেন তদন্তকারীরা। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে যেভাবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জায়গায় মেন রাস্তার ওপরে থাকা বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে, তাতে গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে লালবাজারের অপরাধ দমন শাখা এবং বটতলা থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের প্রধান রাস্তার ওপরেই রয়েছে ৩২৬/এ অভিজাত বাড়ি। শুক্রবার সকালে সেই বাড়িতেই ঢোকে দুই দুষ্কৃতী। বাড়ির পরিচারিকা সন্ধ্যা দাস পুলিশকে জানান, নীচে থেকে কলিং বেল বাজাতে তাঁরা রিমোর্ট কন্ট্রোলে দরজা খুলে দেন। এরপরই ধারাল অস্ত্র নিয়ে দো-তলা হাজির হয় দুই দুষ্কৃতী।
বাড়ির মালকিন ৬৬ বছরের মধুরিমা মৈত্রর মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুঠ করে বলে অভিযোগ। গোটা ঘটনায় একাধিক ধন্দ দেখতে পাচ্ছেন তদন্তকারীরা। ওই বাড়িতে মধুরিমাদেবীর সঙ্গে ছিলেন একজন পরিচারিকা ও একজন কেয়ারটেকার। কেন বহিরাগতকে না দেখে প্রধান দরজা খুলে দেওয়া হল? তবে কি ঘটনার সঙ্গে বাড়ির কেয়ারটেকার বা পরিচারিকাও জড়িত? তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।