গত বছরের মতোই এবারও ১৪ অগস্ট ফের 'রাত দখলের' ডাক (Raat Dokhol)। সেই কর্মসূচি মেনে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েত হতে শুরু করেছে। তারই একটি দৃশ্য দেখা গেল শ্যামবাজারেও। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও।

শ্যামবাজারে জমায়েত
শেষ আপডেট: 14 August 2025 21:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডে বিচার চেয়ে আজ রাত জাগবে মেয়েরা। গত বছরের মতোই এবারও ১৪ অগস্ট ফের 'রাত দখলের' ডাক (Raat Dokhol)। সেই কর্মসূচি মেনে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েত হতে শুরু করেছে। তারই একটি দৃশ্য দেখা গেল শ্যামবাজারেও। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে লক্ষ্য করা গেল ভিড়। বিচারের দাবিতে পথে নেমেছেন বহু মহিলা। মঞ্চ বেঁধে সভার আয়োজন করা হয়েছে। টাঙানো হয়েছে একাধিক ব্যানার, কোথাও লেখা, 'জাগবার দিন আজ', আবার কোথাও লেখা, 'গলা ছেড়ে চিৎকার, বুঝে নাও অধিকার।'
আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য। বিচার চেয়ে গত বছর ১৪ অগস্ট শহর থেকে জেলায়, সর্বত্র 'রাত জাগো' কর্মসূচিতে নামে মেয়েরা। রাত পোহালেই স্বাধীনতা দিবস, তার আগের রাতে নারী নির্যাতন নিয়ে এই প্রতিবাদের সুর সাড়া ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে। এবারও সেই একই উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করা হবে বলেও মনে করা হচ্ছে।
গত ৯ অগস্ট আরজি করকাণ্ডের (RG Kar Case) বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিলেন নির্যাতিতার পরিবার। ৮ তারিখ রাতেও বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল। সেখানেও সামিল ছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। নবান্ন অভিযানের দিনই এই রাত দখল কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আরজি কর খুন-ধর্ষণে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরবর্তীতে সিবিআই তদন্তভার নিলেও কাউকে গ্রেফতার করতে পারেনি, এই নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সংস্থার তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। বছর ঘুরলেও এখনও সুবিচার মেলেনি, এই দাবি নিয়েই আজ আবার পথে নামতে পারেন তাঁরা।