
শেষ আপডেট: 25 March 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো: দিনের বেলায় আগুনে গরম। বিকেল হতেই আবহাওয়ার মেজাজ বদলে গেল। দোলের সন্ধেয় গুম গুম মেঘ ডাকতেই মন চনমন করে উঠল শহরবাসীর। এমন রঙিন সন্ধেয় কয়েক পশলা বৃষ্টিতে ভিজল মহানগর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়ার বুলেটিন বলছে, আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা-সহ সন্নিহিত জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রাত থেকে বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মঙ্গলবার থেকে আবার কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন এমনই আবহাওয়া থাকবে। বৃষ্টি হলেও গরম যে খুব কমবে তেমনটা নয়। বরং আগামী কয়েকদিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। বাংলাদেশের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। ঘন ঘন বাজ পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।