
শেষ আপডেট: 17 October 2023 13:04
দ্য ওয়াল ব্যুরো: গত আগস্ট মাসে র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই ফের র্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে। তবে হস্টেলে নয়, এবার বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে একসঙ্গে দুটি র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এমনকী অভিযোগ জানিয়ে পদক্ষেপ না নেওয়ায় ইস্তফার কথাও জানিয়েছেন অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। তিনি চিঠি দিয়েছেন উপাচার্যকেও।
গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর মারফত দুটি র্যাগিংয়ের অভিযোগ আসে। এই অভিযোগের ভিত্তিতে জরুরি ভিত্তিতে অ্যান্টি র্যাগিং স্কোয়াডের মিটিং ডাকতে চেয়েছিলেন চেয়ারম্যান ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সন্ময় কর্মকার। কিন্তু প্রশাসনিক টালবাহানায় তা ডেকে উঠতে পারেননি-এমন অভিযোগ করে তিনি অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দেন। এমনকী এই পরিস্থিতিতে তিনি স্কোয়াডের চেয়ারম্যান পদে থাকতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই দুটি ঘটনাই ঘটেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একটি ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের এক পড়ুয়ার সঙ্গে। অন্যটি সল্টলেক ক্যাম্পাসে। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিষয়ে কোনও মন্তব্য করতে যাননি। অভিযোগ পেয়েও কোনও পদক্ষেপ কাঠগড়ায় প্রশাসনিক গড়িমসি। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি উপাচার্য। এদিকে বুধবার বিশ্ববিদ্যালয়ে ছুটি পড়ে যাচ্ছে। ক্যাম্পাসে অনেকেরই বক্তব্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলে বিষয়গুলিকে এরপর গুরুত্বহীন করে দেওয়া হবে।
নতুন করে দু’টি র্যাগিংয়ের অভিযোগ ইউজিসি-র হেল্পলাইনে জানানো হয়েছে। সেখান থেকে তা বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। সূত্রের খবর, এই দুই র্যাগিংয়ের অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে সোমবার ইউজিসি-র পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। নেপথ্যে উঠে আসে র্যাগিং-এর অভিযোগ । দীর্ঘ টালবাহানার পর শেষমেশ বিশ্ববিদ্যালয়ে ২৯ টি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।