
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 October 2024 08:57
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুন নিয়ে শিরোনামে রয়েছে আরজি কর। এবার সেই আরজি করের চিকিৎসকরাই বিরল অপারেশন করে কিশোরীকে সুস্থ করে তুললেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর পাকস্থলীতে থেকে ১,৭০০ গ্রামের চুল বের করেছেন তারা।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরী একটি অদ্ভূত বদঅভ্য়াসের শিকার। নিজের অজান্তেই মাথার চুল খেয়ে ফেলত। বছরের পর বছর ধরে এমন চলতে থাকায় চুল জমতে থাকে কিশোরীর পাকস্থলীতে। আচমকা পেটে ব্যথা হতে শুরু করায় কিশোরীকে ডাক্তারের কাছে নিয়ে যায় পরিবার। পরীক্ষা করার পরে বোঝা যায় কিশোরীর পাকস্থলীতে বিপুল পরিমাণ চুল জমে রয়েছে। অবশেষে অপারেশনের পরামর্শ দেন ডাক্তারবাবুরা। সেই মতোই অপারেশন হয়।
কিশোরীর বয়স ১৬ বছর। সে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা। তার পরিবারের লোকজন চুল খাওয়ার বিষয়টি জানতেন। তাকে বাধা দিলেও মানত না সে। প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের মাথার চুল ছিঁড়ে ওই কিশোরী খাচ্ছিল। পেটের সমস্যা দেখা দিতেই আরজি কর মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো বিভাগের আউটডোরে মেয়েকে নিয়ে আসে পরিবার।
সেখানে চিকিৎসকরা জানান, চিকিৎসকরা প্রথমে কিশোরীকে ওষুধ দিয়েছিলেন। ১০ দিন পর সেগুলি খাওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। পরে এন্ডোস্কোপি করতে বলেন চিকিৎসক। সেই মতোই কিশোরীর এন্ডোস্কোপি করা হলে রিপোর্ট দেখে তাজ্জব হয়ে যান চিকিৎসকের। দেখেন, কিশোরীর পেটে দলা পাকিয়ে শক্ত কিছু রয়েছে। এরপর চিকিৎসক তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারেন মেয়ের মাথার চুল খাওয়ার স্বভাব রয়েছে। আর সেই চুল একটু একটু করে পাকস্থলীতে জমা হয়েই এই পরিণতি হয়েছে। গত মঙ্গলবার সার্জারি বিভাগের ছয় চিকিৎসকের একটি দল কিশোরীর অপারেশ করেন। বর্তমানে ওই কিশোরী সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরী বিরল রোগে আক্রান্ত। এর নাম হল ট্রাইকোবেজোয়ার।