
ধৃত সঞ্জয় রায়
শেষ আপডেট: 4 November 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছিল, সরকারই আমাকে ফাঁসাচ্ছে…’, এতদিনে মুখ খুলল আরজি কর ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে চার্জ গঠন করা হল। তিন মাস পরে আরজি কর মামলায় গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়র সাংবাদিকদের সামনে বললেন, 'আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে।'
ধর্ষণ ও খুনের ধারায় আজ চার্জ গঠন হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। ১১ নভেম্বর থেকে রোজ শুনানি হবে। আরজি কর খুন ও ধর্ষণের মামলায় রুদ্ধদ্বার কক্ষে চার্জ গঠনের প্রক্রিয়া হয়। শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১ বিচারক অনির্বাণ দাসের এজলাসে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন হয়।
সিবিআই ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল। সূত্রের খবর, বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন ধৃত সিভিক ভলান্টিয়ার।
প্রসঙ্গত, আরজি করের ঘটনার গ্রেফতারির পর ধৃত বলেছিল, 'আমিই দোষী, আমাতে ফাঁসি দিন।' কিন্তু তারপর শুনানির সময়ে বিচারককে বলেছিল, 'স্যর আমার কিছু বলার রয়েছে। নয়তো দোষী করে দেবে।'
পরে একবার আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের সে বলেছিল, 'আমি কিছু করিনি।' কিন্তু আজ যখন তার বিরুদ্ধে চার্জ গঠন করা হল, তখন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, 'সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ মার্ডার করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল।'