
এই সেই বাড়়ি।
শেষ আপডেট: 24 January 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুআটির পর এবার তপসিয়া। ফের সামনে এল হেলে পড়া বহুতলের ঘটনা। শুক্রবার সকালে কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনে একটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে।
জায়গাটির নাম গুলিপাড়া। পাশেই রয়েছে একটি স্কুল। ফলে হেলে পড়া বহুতল ঘিরে শোরগোল ছড়িয়েছে এলাকায়। যদিও এ বিষয়ে শুক্রবারই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হেলে পড়া সব বাড়ি বিপজ্জনক নয়। তবে কোথাও কোনও অভিযোগ উঠলে পুরসভার ইঞ্জিনিয়ররা পরিকাঠামো খতিয়ে দেখবেন।
স্থানীয় সূত্রের খবর, পাশাপাশি রয়েছে দুটি বহুতল। তার মধ্যে একটি হেলে পড়েছে। মাঝখানে লোহার বিম দিয়ে বহুতলটিকে সাপোর্টে রাখা হয়েছে। এদিন সেই দৃশ্য দেখেই এলাকায় শোরগোল তৈরি হয়।
এ বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, শহরে এরকম একাধিক হেলে পড়া বাড়ি রয়েছে। তার মধ্যে কাঠামো কতটা স্থিতিশীল আছে, তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখার পর পদক্ষেপ করবেন।
গত সপ্তাহে বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়ে। ইতিমধ্যে সেটি ভেঙেও ফেলা হয়েছে। তারপরই সামনে আসে ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঘটনা। সেখানেও মুখোমুখি দুটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। তা ভাঙার নির্দেশও দিয়েছে কলকাতা পুরসভা।
এরপরই গত বৃহস্পতিবার বিধাননগর এবং বাগুইআটি এলাকায় আরও তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসে। এবার তপসিয়ার ঘটনা। সব মিলিয়ে ন'দিনে ছ'টি বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
তাসের ঘরের মতো শহরজুড়ে একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় নতুন করে বহুতল আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির জন্য পুরসভা এবং ঠিকাদারদের যোগসাজশকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ভুক্তভোগীদের কেউ সারা জীবনের সঞ্চয় জমিয়ে কেউ বা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। তাঁদের প্রশ্ন, "আমাদের তো পথে বসতে হবে! এবার আমরা কোথায় যাব?"