
হলুদ ট্যাক্সি নিয়ে প্রতিবাদ শহরে - নিজস্ব ছবি
শেষ আপডেট: 7 December 2024 11:26
দ্য ওয়াল ব্যুরো: হলুদ ট্যাক্সি উঠে যাওয়ার মুখে। যে সব হলুদ ট্যাক্সির মেয়াদ ১৫ বছরের বেশি সেগুলি গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রাস্তা থেকে তুলে নেওয়া হতে পারে আগামী জানুয়ারি মাসে। এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুটি-রুজির সংকটে পড়বেন ট্যাক্সিচালক ও তাঁদের পরিবার। তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল।
শনিবার সকালে হলুদ ট্যাক্সি দিয়েই কার্যত অবরোধ করা হয়েছিল রাজা রামমোহন সরণী। বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। উত্তম কুমার থেকে শুরু করে সত্যজিৎ রায়, হলুদ ট্যাক্সিতে চড়েছেন অনেক খ্যাতনামারা। সেই ছবি বুকে নিয়েই এদিন মিছিল করেন ট্যাক্সিচালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা।
ট্রাম উঠে যাওয়ার মুখে। তার সঙ্গে যদি হলুদ ট্যাক্সিও উঠে যায় তাহলে কলকাতা শহরের একটা বড় ইতিহাসই মুখে যাবে। এই যুক্তি দিয়েই হলুদ ট্যাক্সিকে হেরিটেজ তকমা দেওয়ার দাবি তোলা হয়েছে এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে। পাশাপাশি এও বলা হয়েছে, ১৫ বছরের যে মেয়াদের কথা বলা হচ্ছে তা বাড়িয়ে আরও ১০ বছর করা হোক।
পরিসংখ্যান বলছে, এক সময়ে কলকাতায় প্রায় ১২ লক্ষ হলুদ ট্যাক্সি চলত। পরে তা কমতে কমতে ৫ হাজারে এসে ঠেকে। এখন গ্রিন ট্রাইবুনালের নির্দেশে হলুদ ট্যাক্সি উঠে গেলে কী হবে, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন বর্তমানের ট্যাক্সিচালকরা। কেউ কেউ আবার ইলেকট্রিক ভেহিকেলে চলে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু হলুদ ট্যাক্সি একটা নস্টালজিয়া। তাই এই যান উঠে যাওয়ার পক্ষে নয় অধিকাংশই।