
কলকাতা বিমানবন্দরে হলুদ ট্যাক্সি নিয়ে প্রতিবাদ
শেষ আপডেট: 24 December 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: যে সব হলুদ ট্যাক্সির মেয়াদ ১৫ বছরের বেশি সেগুলি গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রাস্তা থেকে তুলে নেওয়া হতে পারে আগামী জানুয়ারি মাসে। এই খবর প্রকাশ্যে আসার পরই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ শুরু হয়েছে শহর জুড়ে। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে কংগ্রেস সেবা দলের অভিনব কর্মসূচি করে।
রাত পেরোলেই বড়দিন। তার আগে মঙ্গলবার 'সান্তাক্লজ' সেজে হলুদ ট্যাক্সি নিয়ে কলকাতা বিমানবন্দরে প্রতিবাদে সরব হয় কংগ্রেস সেবা দল। হলুদ ট্যাক্সিকে 'হেরিটেজ' ঘোষণা করার দাবি জানিয়ে সেই সঙ্গে পুরোনো ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন বসিয়ে তার আয়ু আরও ১০ বছর বাড়ানোর দাবিতে প্রতিবাদ করেন তাঁরা। হলুদ ট্যাক্সিতে আবার 'আমাদের মেরো না, আমরা বাঁচতে চাই', লেখা পোস্টারও দেখা যায়।
চলতি মাসের শুরুর দিকেই হলুদ ট্যাক্সি দিয়ে কার্যত অবরোধ করা হয়েছিল রাজা রামমোহন সরণী। বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। উত্তম কুমার থেকে শুরু করে সত্যজিৎ রায়, হলুদ ট্যাক্সিতে চড়েছেন অনেক খ্যাতনামারা। সেই ছবি বুকে নিয়েই এদিন মিছিল করেন ট্যাক্সিচালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। একই সঙ্গে, পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল।
পরিসংখ্যান বলছে, এক সময়ে কলকাতায় প্রায় ১২ লক্ষ হলুদ ট্যাক্সি চলত। পরে তা কমতে কমতে ৫ হাজারে এসে ঠেকে। এখন গ্রিন ট্রাইবুনালের নির্দেশে হলুদ ট্যাক্সি উঠে গেলে কী হবে, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন বর্তমানের ট্যাক্সিচালকরা।