
ফাইল ছবি
শেষ আপডেট: 12 October 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ। ধর্মতলার এক হোটেল কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সাংবাদিক সম্মেলন ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে।
জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিতে অসহযোগিতার অভিযোগ উঠেছিল আগেই। এ বার কলকাতা পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ধর্মতলায় যেখানে জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চ তার কাছেই হোটেলের অবস্থান। সেখানকার কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের পরিকল্পনা করেছিলেন শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু কলকাতা পুলিশ সেই বৈঠক ভেস্তে দিতে হুমকি ফোন করেছে বলে অভিযোগ।
বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের অভিযোগ, আজ অর্থাৎ শনিবারের জন্য ওই হোটেলের কনফারেন্স রুম বুকিং করতে প্রাথমিকভাবে কথা বলেছিলেন তাঁরা। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে যায়। কিন্তু বুকিংয়ের জন্য টাকা দিতে গেলে গোলমাল বাধে।
হোটেল ম্যানেজমেন্টের এক আধিকারিক হাতজোড় করে পরিষ্কার জানিয়ে দেন, আমরা কোনও সাহায্য করতে পারব না। কলকাতা পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আন্দোলন সম্পর্কিত কোনও অনুষ্ঠান হোটেলে করা যাবে না।
হোটেল না পেয়ে বাধ্য হয়েই শনিবার সন্ধেয় ধর্মতলার অনশনমঞ্চে শহরের ৩০টি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনস-এর তরফে একটি সাংবাদিক বৈঠক করবেন। ইতিমধ্যে তা শুরুও হয়েছে বলে খবর।