
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 3 May 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: রোদ্দুরের মধ্যে চলছে প্র্যাকটিক্যাল পরীক্ষা! নীচে বারান্দায় দমবন্ধ করা পরিবেশে দাঁড়িয়ে বাকি পরীক্ষার্থীরা। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশের জেরে (Suffocating Environment) পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন একাধিক পরীক্ষার্থী।
শনিবার বেলায় এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদহ সংলগ্ন মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজে (Homeopathy College)। অস্বাস্থ্যকর দমবন্ধ করা পরিবেশের জন্য কর্তৃপক্ষকেই দায়ী করছেন পরাীক্ষার্থীরা। যদি অভিযোগ উড়িয়ে কর্তৃপক্ষর দাবি, পরীক্ষার প্যানিক থেকেই একাংশ পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
শিয়ালদহ ফ্লাইওভারের নীচে ১৬০ নম্বর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রীটে রয়েছে মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজ। সেখানে শনিবার রাজ্যের ৪ টি জেলার পরীক্ষার্থীদের যোগা এবং ন্যাচারোপ্যাথি পরীক্ষা ছিল। ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়।
সূত্রের খবর, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮০। এরমধ্যে ২০ জনকে রোদ্দুরের মধ্যে ছাদে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডেকে নেওয়া হয়। বাকি প্রায় ৬০ জনকে নীচে বারান্দায় অপেক্ষা করতে বলা হয়।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, যে বারান্দায় অপেক্ষা করতে বলা হয়েছিল সেটি দৈর্ঘ্য ১৫ ফুট, প্রস্থ মাত্র ৭ ফুট। মাথার ওপর একটি মাত্র সিলিং ফ্যান। ঘরে আর কোনও জানলা বা ভেন্টিলেশন নেই।
গরমের মধ্যে স্বল্প পরিসর সেই জায়গা দাঁড়িয়ে থাকতে থাকতে একে একে পাঁচ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। চোখে মুখে জল দেওয়ার পর একজন সুস্থ হলেও বাকি চারজন ক্রমাগত বমি করতে থাকেন। এদের মধ্যে দু'জন অচৈতন্য হয়ে পড়েন। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন অন্য পরীক্ষার্থীরাও। পরীক্ষকের সঙ্গে একাংশ পরীক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়।
গরমের মধ্যে রোদ্দুরে কেন প্র্যাকটিক্যাল পরীক্ষা বা কেন পরীক্ষার্থীদের জন্য বসার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হল না, তা নিয়ে কর্তৃপক্ষর অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কতৃর্পক্ষর ব্য়াখ্যা, পরীক্ষার প্যানিক থেকেই একাংশ পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।