
পার্ক স্ট্রিট থানা
শেষ আপডেট: 12 November 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়ার অভিযোগ! বড়সড় বিতর্কে জড়ালেন পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর।
সূত্রের খবর, সোমবার গোসাবায় নিজের বাড়ি কাছে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই রাজনৈতিক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে বাপ্পাদিত্যের বিরুদ্ধে। জানা গিয়েছে, গোসাবার প্রাক্তন তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে তিনি।
এদিন অনুষ্ঠান মঞ্চে বাবার প্রশংসা করতে গিয়েই রাজনৈতিক ভাষণ দেন তিনি। অভিযোগ, পার্ক স্ট্রিট থানার ওসি একদিকে যেমন মা মাটি মানুষ সরকার কী করতে পারে তার উল্লেখ করেন তেমনই রাজনৈতিকভাবে সবরকম সাহায্য করা হবে বলেও মন্তব্য করেন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে পার্ক স্ট্রিট থানার ওসি জানিয়েছেন, ‘আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমার বাবা মানুষের স্বার্থে অনেক কাজ করেছেন। সে প্রসঙ্গেই বলেছি। দীর্ঘ ২০ বছরের পুলিশ জীবনে পক্ষপাতদুষ্ট কোনও আচরণ করিনি। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।’
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাও। ওসির এমন মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গোসাবার লাহিড়ীপুর পঞ্চায়েতের উপপ্রধান। একজন ইন্সপেক্টর কীভাবে এমন বক্তব্য রাখতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।