শেষ আপডেট: 5 December 2023 20:32
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের শেষ নেই। তবুও দুই 'শত্রু' দেশের মধ্যে আন্তর্দেশীয় ভালবাসায় বাধা হতে পারছে না কোনও কিছুই। এবার প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে এলেন এক তরুণী, তাও আবার কলকাতায়। সামনের বছরের জানুয়ারি মাসেই চার হাত এক হওয়ার কথা। তার জন্য ওয়াঘা-আত্তারি সীমান্ত পেরিয়ে মঙ্গলবার পড়শি দেশে এসে ঢুকলেন জাভেরিয়া খানুম।
তবে এ আসা পালিয়ে আসা নয়। কলকাতার বাসিন্দা সমীর খানের সঙ্গে পারিবারিক সম্মতিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন করাচির তরুণী। এদিন জাভেরিয়া কলকাতায় এসে পৌঁছানো মাত্রই সমীরের বাড়ির লোকজন ঢোল বাজিয়ে স্বাগত জানান তাঁকে।
যুগলের সম্পর্ক বেশ কয়েক বছরের। পাঁচ বছর আগে থেকেই নাকি ভারতে আসার চেষ্টা চালাচ্ছেন তরুণী। তবে বারবার তাঁর ভিসার আবেদন খারিজ হয়ে গেছে। তারপর করোনা অতিমহামারীর কারণে দু'বছর সেই চেষ্টায় বাধা পড়ে। শেষমেশ এই বছর ৪৫ দিনের জন্য তাঁর ভিসার আবেদন মঞ্জুর হয়েছে।
"আমাকে ৪৫ দিনের ভিসা দেওয়া হয়েছে। এখানে এসে আমি খুব খুশি। আসার পরথেকে ইতিমধ্যেই এখানে প্রচুর ভালবাসা পাচ্ছি। জানুয়ারির প্রথম সপ্তাহে বিয়ে সম্পন্ন হবে," জানিয়েছেন জাভেরিয়া।
যুগলের প্রেম শুরু হল কীভাবে?
সমীর জানিয়েছেন, মায়ের ফোনে জাভেরিয়ার ছবি দেখেই ভাল লেগেছিল তাঁর। তখনই পাকিস্তানি তরুণীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। "এটা শুরু হয়েছিল ২০১৮ সালের মে মাসে। আমি জার্মানিতে পড়াশোনা করছিলাম, ওখান থেকেই বাড়িতে এসেছিলাম। তখনই মায়ের ফোনে ওর ছবি দেখে ভাল লেগেছিল। আমি জানিয়েছিলাম যে আমি জাভেরিয়াকে বিয়ে করতে চাই," জানিয়েছেন সমীর।
"মা এই খবরে অত্যন্ত খুশি। সামনের বছর জানুয়ারি মাসে আমাদের বিয়ে," সুখবর দিয়েছেন সমীর খান।