
প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 August 2024 23:37
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর শহর তথা রাজ্য। রাতের কলকাতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এর মধ্যেই আবার গুলি চলার ঘটনা ঘটল তিলোত্তমায়। নিউটাউনে ইকো পার্কের সামনে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বাইকে করে এসে দুজন দুষ্কৃতী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। তখন সে ইকো পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে আসে ঘটনাস্থলে। লোকজনের ভিড় দেখে চম্পট দেয় আততায়ীরা। এরপর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। সে ভাঙড়ের বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
কী কারণে এই হামলা, কারা হামলা চালালো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করা থেকে শুরু করে স্থানীয়দের বয়ানও নিচ্ছে তাঁরা। অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবকের বুকে গুলি করা হয়। যদিও এখনই এই নিয়ে কিছু জানায়নি পুলিশ। তবে স্থানীয়রা এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত। তাঁদের কথায়, রাতের দিকে ইকো পার্কের ওই এলাকায় এমনিতেই লোকজন কম থাকেন। জায়গাটিও খুব সুরক্ষিত নয় বলে দাবি। কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
ক'দিন আগে ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাতে দুজন আহত হয়েছেন। সেই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে বলেই দাবি করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। যদিও শনিবারের নিউটাউনের ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা তা জানা যায়নি।