
ফাইল ছবি
শেষ আপডেট: 6 April 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে মারাত্মক ঘটনা ঘটে যায় ঠাকুরপুকুর বাজারে (Thakurpukur)। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়ি (Car Accident)। পরপর ধাক্কা মারে অন্তত ৮-১০ জনকে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আমিনুল রহমান। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে বেহালার এক সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ বাড়ির লোকদের হাতে তুলে দেওয়া হবে।
ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত রাস্তায় পাইপ লাইন বসানোর কাজ চলছে। সেই রাস্তায় দু'চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও, এই মুহূর্তে চার চাকা গাড়ির চালানো নিষেধ। তাই এই গাড়িটি কীভাবে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও সেখানে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, গাড়ির গতি প্রায় ৫০ কিলোমিটার ছিল। অন্তত ৭ থেকে ৮ জনকে ধাক্কা মারে। এর মধ্যে ৪ জনকে স্থানীয় কস্তুরী নার্সিংহোমে ভর্তি করা হয়। গাড়িতে চালক ছাড়াও দুই মহিলা এবং এক পুরুষ যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, আহত দুজনকে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।
এদিকে এই ঘটনায় টলিউড যোগ মিলেছে। সূত্রের খবর, ঘাতক ওই গাড়িতে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক), অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ), অভিনেতা আরিয়ান এবং স্যান্ডি সাহা। অভিযোগ, কয়েকটি গাড়িকেও ধাক্কা মেরেছিল ওই গাড়িটি এবং যারা ভিতরে ছিলেন তারা সকলে মদ খেয়ে ছিলেন। অভিযুক্তদের আটক করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল।
দুর্ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, ঠাকুরপুকুর বাজারের ওই এলাকা দিয়ে হাঁটাচলা কার্যত দুর্বিসহ হয়ে উঠেছে। বিগত ৬ বছর ধরে রাস্তার কাজ চলার ফলে বিবিরহাট, বড়কাছারি ঢোকার ওই মূল রাস্তা বন্ধ। একাধিকবার প্রশাসনকে বলার পরও রাস্তার উন্নতি হয়নি। ফলে এই ধরনের দুর্ঘটনা খুব একটা অপ্রত্যাশিত কিছু নয়।
এদিকে টলিউডের নাম জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আরও চর্চা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঠিক কী ঘটেছিল তা জানতে আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। তিনি অবশ্য জানান, ''লর্ড অব দ্য ড্রিঙ্কসে গিয়েছিলাম পার্টি করতে। আমিও ছিলাম। কিন্তু রাত হতেই সেখান থেকে আমি বেরিয়ে আসি। আমার রবিবার শুট ছিল। বাড়ি ফেরার পর ভোর রাতে ওরা আমায় ফোন করে বলে আমার বাড়ি আসছে। আমি তখন আধো ঘুমে। ওরা আমার বাড়ি আসে। কিছুক্ষণ গল্প করার পর সেখান থেকে সকালে ওরা বেরিয়ে যায়। এরপরের ঘটনা আমি কিছু জানি না।''