
ধৃত মনোজ গুপ্ত
শেষ আপডেট: 29 December 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট মামলার তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চক্রের কিংপিন মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি।
দু'দিন আগে আস্তানা বদল করেও লাভ হল না। শনিবার মাঝরাতে সেই বাড়ি থেকেই পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ।
লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ। শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা।
মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই গতকাল মাঝরাতে মনোজকে গ্রেফতার করে পুলিশ। মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়।
ভুয়ো পাসপোর্ট কাণ্ডের তদন্তে আগেই তাঁর নাম উঠে এসেছিল। তবে তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে তাঁকে পাকড়াও করা হল। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাঁকে।
আদালতের ধমক খাওয়ার পর থেকেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের একাধিক নির্দেশ দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা।