
ফাইল চিত্র
শেষ আপডেট: 11 April 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে হিন্দু সেবা দলের তরফে হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি দিল না হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নিয়ে পাল্টা জানতে চান, রেড রোডে হনুমান জয়ন্তী করার কারণ কী? সেসব উত্তর দেওয়ার আগেই এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করল তারা। মামলার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও মঞ্জুর হয়েছে।
রেড রোডে হনুমান জয়ন্তী পালনের অনুমতি চেয়ে ১লা এপ্রিল কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেবা দল। অনুমতি না পেয়ে সেই বিষয়টি নিয়ে হাইকোর্টে পৌঁছয় তারা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে তিনি অনুমতি দিতে নাকচ করেন। তখন তারা প্রশ্ন করে, আগামীকাল হনুমান জয়ন্তী, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। আর্মির জায়গা ওটা। তাদের কোনও সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায়?
মামলাকারীদের দাবি, রেড রোডে অন্য সম্প্রদায়কে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ করে চলে ধর্মীয় আচার ও শুভেচ্ছা বিনিময়। তাহলে তাদের কেন অনুমতি দেওয়া হল না?
বিচারপতি তখন পাল্টা শহিদ মিনারে কেন এই অনুষ্ঠান করা যাবে না সেই নিয়ে প্রশ্ন তোলেন। রেড রোডে নির্দিষ্টভাবে এই অনুষ্ঠান করার কারণও জানতে চান। বিচারপতি ঘোষ বলেন, 'যেখানে কলকাতা স্তব্ধ করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ। তারা কলকাতার কোন কোন থানার কাছে অনুমতি নিয়েছিল? তাহলে বিজেপি আগে থেকেই পুলিশের কাছে অনুমতি চেয়ে ছিল পুলিশ দেয়নি।'
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে, খিলফাৎ আন্দোলনের সময় থেকে রেড রোডে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ অনুষ্ঠান করছেন। বিচারপতি হিন্দু সেবা দলের আইনজীবীর উদ্দেশে বলেন, 'আপনারা বলুন আগে এই আয়োজন করেছিলেন, আজ পুলিশ অনুমতি দিচ্ছে না। তাহলে আমি দেখছি।'
দুর্গাপুজো কার্নিভাল নিয়েও প্রশ্ন ওঠে এদিন। তখন বিচারপতি জানান, ইউনেসকো থেকে মানুষ আসেন, সেটার সঙ্গে হনুমান জয়ন্তীর কোন যোগ নেই।
একদম শেষে জানিয়ে দেওয়া হয়, যেকোনও ধর্মের মানুষজন নিজ নিজ ধর্মের প্রচার করতে পারেন। যেকোনও জায়গায়। কারও কোনও সমস্যা নেই কিন্তু আইনশৃঙ্খলার বিষয়টা পুলিশ দেখবে।