স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলা হাঁটতে বেরিয়ে পুকুরের ধারে কাপড়ে মোড়া একটি বস্তুর দিকে নজর পড়ে কয়েকজনের। সেদিকে এগিয়ে গেলে একটি সদ্যোজাতর হাত দেখা যায়। দ্রুত পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়।

বেহালায় সদ্যোজাতর দেহ উদ্ধার
শেষ আপডেট: 8 June 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বেহালার পর্ণশ্রী থানা এলাকায় উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ (Newborn Baby body found)। রবিবার সকালে একটি পুকুরের পাশে ওই শিশুর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। খবর দেওয়া হয় পুলিশে। কে বা কারা শিশুটিকে ফেলে দিয়ে গেছে, খোঁজ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলা হাঁটতে বেরিয়ে পুকুরের ধারে কাপড়ে মোড়া একটি বস্তুর দিকে নজর পড়ে কয়েকজনের। সেদিকে এগিয়ে গেলে একটি সদ্যোজাতর হাত দেখা যায়। দ্রুত পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, 'আমি আজ ভোরে পুকুরের পাশে নোংরা আবর্জনার স্তূপে বাচ্চাটিকে দেখতে পাই। প্রথমে বুঝতে পারিনি ওটা একটা শিশু। সন্দেহ হয়েছিল, তবে কিছু একটা পড়ে আছে মনে করে এগিয়ে যাই। কাছে যেতেই কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পাই।'
চিকিৎসকেরা জানান, শিশুটিকে মৃত অবস্থায় (Brought Dead) হাসপাতালে আনা হয়েছিল। কতক্ষণ আগে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যারা এই কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় কোনও পাচার চক্র জড়িত আছে কি না কিংবা জন্মের পর তাঁকে ফেলে দেওয়া হয়েছিল কিনা, এই দিকগুলিও তদন্ত করে দেখতে চায় পুলিশ।