কোনও বাণিজ্যিক বিজ্ঞাপন ছাড়াই ৩০ বছর ধরে প্রকাশিত ‘নাটমন্দির’ কবিতাপত্রের শততম সংখ্যা প্রকাশিত হল কলকাতায়। দুই দিনের কবিতা উৎসবে অংশ নিলেন শতাধিক কবি।

‘নাটমন্দির’ ছুঁল শতরান
শেষ আপডেট: 26 October 2025 09:55
দ্য ওয়াল ব্যুরো: কোনও বাণিজ্যিক বিজ্ঞাপন ছাড়াই শুধুমাত্র কবিতার প্রতি ভালবাসা ও পাঠকদের টানে দীর্ঘ ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসা 'নাটমন্দির' (Natmandir) পত্রিকার শততম সংখ্যা গতকাল (শনিবার) কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল। পুরুলিয়ার কলেজছাত্র অংশুমান করের সম্পাদনায় ১৯৯৫ সালে যার পথচলা শুরু, সেই পত্রিকাটি আজ 'নয়ের দশকের অন্যতম প্রধান কবিতাপত্র' হিসেবে পরিচিত।
কলকাতা শহরের একটি প্রেক্ষাগৃহে 'নাটমন্দির'-এর ১০০তম সংখ্যাটি প্রকাশিত হয়। কবিতা পাক্ষিক (Bengali poetry) পত্রিকার সম্পাদক যূথিকা চৌধুরী শততম সংখ্যাটির প্রকাশ করেন।

১০০তম সংখ্যার প্রকাশ
এই উপলক্ষে দু-দিন ধরে এক বিশাল কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে, যার উদ্বোধন করেন কবি সুজিত সরকার। জলপাইগুড়ি থেকে কাকদ্বীপ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় এক শতাধিক কবি এই উৎসবে অংশ নিচ্ছেন।

পুরস্কার পেল প্রান্তিক দেওঘরিয়া
শততম সংখ্যা প্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ আয়োজন ছিল। ২০২৫ সালের 'নাটমন্দির সম্মাননা' প্রদান করা হয় নয়ের দশকের জনপ্রিয় কবি চন্দ্রাণী বন্দোপাধ্যায়কে।
'নাটমন্দির' অনূর্ধ্ব ২১ কবিদের মধ্যে একটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার প্রথম তিন স্থানাধিকারী—হুগলির দেবজ্যোতি সিংহ রায়, বীরভূমের সুপ্রতীক ঘোষ ও পুরুলিয়ার প্রান্তিক দেওঘরিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উৎসবের প্রথম দিন অর্থাৎ গতকাল, 'কবিতায় ছবিই কি মুখ্য?' এই বিষয় নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়। আলোচক ছিলেন সৌভিক গুহ সরকার, কস্তুরী সেন ও তমোঘ্ন মুখোপাধ্যায়, এবং সভামুখ্য ছিলেন তুষার পণ্ডিত।
আজ, দ্বিতীয় দিনে 'সভার মতে, অনুষ্ঠানের বিজ্ঞাপনে মুখ ঢেকে যাচ্ছে বাংলা কবিতার', এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি বিতর্ক সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সেলিম মল্লিক, শুভম চক্রবর্তী, প্রসূন মজুমদার ও সুদেষ্ণা মৈত্র, সভামুখ্য হিসেবে থাকবেন অনিশ্চয় চক্রবর্তী।
এই উৎসব মঞ্চ থেকেই প্রকাশিত হয় সম্পাদক অংশুমান করের নতুন উপন্যাস 'পাখিমানুষের ঘর'। সপ্তর্ষি প্রকাশিত এই উপন্যাসের বিষয় হল মরিচঝাঁপির গণহত্যা।

'পাখিমানুষের ঘর-এর প্রকাশ
মরিচঝাঁপি গবেষক মধুময় পাল উপন্যাসটির উদ্বোধন করে বলেন, "অংশুমান গবেষণা করে এবং তথ্যবিকৃতি না ঘটিয়ে উপন্যাসটি লিখেছেন। টানটান এই উপন্যাসটি একটি সময়কে ধরে রেখেছে। এই অনালোচিত অধ্যায়ের ওপর আলো পড়লে বাংলার মানুষ উপকৃত হবেন।"
'নাটমন্দির' পত্রিকার প্রধান সম্পাদক অংশুমান কর জানান, "ছাত্রাবস্থায় টিউশন পড়াতাম শুধু এই পত্রিকাটি করব বলে। সেই পত্রিকার ১০০তম সংখ্যা প্রকাশ পেল। আমি সত্যিই খুশি। তবে শতরানের এই কৃতিত্বের গৌরব আসলে 'নাটমন্দির'-এর সম্পাদকমণ্ডলী, লেখক, গ্রাহক ও পাঠকদের।"
উল্লেখ্য, কলেজছাত্র অংশুমান কর তাঁর বন্ধুদের সঙ্গে মিলে যখন এই পত্রিকা শুরু করেছিলেন, তখন এটি কোনও অর্থ মূল্য ছাড়াই পাঠকদের পড়তে দেওয়া হত, এবং আজ পর্যন্ত একটি বাণিজ্যিক বিজ্ঞাপনও এই পত্রিকায় ছাপা হয়নি। উৎসবে সংগীত পরিবেশন করছেন কবি আত্রেয়ী চক্রবর্তী ও সহেলী চৌধুরী।